ভিডিও

দুর্গাপুর–জামুরিয়ায় ইডির একযোগে অভিযান, বালি ও হার্ডওয়্যার ব্যবসা ঘিরে তদন্ত

নির্ভিক বাঙলা:
দুর্গাপুরে ফের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর অভিযান ঘিরে চাঞ্চল্য ছড়াল। মঙ্গলবার সকালে দুর্গাপুরের সেপকো টাউনশিপ এলাকায় বালি ব্যবসায়ী প্রবীর দত্তের বাড়িতে ইডির আধিকারিকরা তল্লাশি অভিযান শুরু করেন। একই সঙ্গে পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর এলাকাতেও ইডির পক্ষ থেকে অভিযান চালানো হচ্ছে।
সূত্রের খবর, অভিযানের সময় সংশ্লিষ্ট বাড়িগুলিতে ঢুকে বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র ও আর্থিক লেনদেন সংক্রান্ত কাগজপত্র খতিয়ে দেখছেন ইডির আধিকারিকরা। নিরাপত্তার স্বার্থে বাড়ির বাইরে মোতায়েন রাখা হয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। এই অভিযানের জেরে সেপকো টাউনশিপ ও পাণ্ডবেশ্বর এলাকায় ব্যাপক উত্তেজনা ও কৌতূহল তৈরি হয়েছে। তবে কী কারণে এই অভিযান এবং তদন্তের পরিধি কতদূর পর্যন্ত বিস্তৃত, সে বিষয়ে এখনও ইডির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। প্রাথমিকভাবে বালি ব্যবসা সংক্রান্ত আর্থিক অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতেই এই অভিযান বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে, জামুরিয়ার ৪ নম্বর ওয়ার্ডের হাটতলা এলাকায় সাবান ফ্যাক্টরি গলিতে অবস্থিত হার্ডওয়্যার ব্যবসায়ী রাজেশ বানসালের বাড়িতেও বিশেষ অভিযান চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সকাল সাড়ে ছটা নাগাদ প্রায় ১৬ জনের একটি ইডি টিম তিনটি গাড়িতে করে, সিআইএসএফের কড়া নিরাপত্তা বলয়ে অভিযান শুরু করে। জানা গেছে, রাজেশ বানসাল জামুরিয়া ও রানীগঞ্জ এলাকায় হার্ডওয়্যার ব্যবসার সঙ্গে যুক্ত। সূত্রের দাবি, অতীতে খনি অঞ্চলের বিভিন্ন কার্যকলাপের সঙ্গে তাঁর কোনও যোগ ছিল কি না এবং তাঁর নামে কোনও হিসাব বহির্ভূত আর্থিক লেনদেন হয়েছে কি না, সেই বিষয়েই তদন্ত চলছে। বর্তমানে ইডির একটি ১৩ জনের দল তাঁর বাড়িতে জোর তল্লাশি চালাচ্ছে।
সমস্ত অভিযানের বিষয়েই এখনও পর্যন্ত ইডির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনও বিবৃতি দেওয়া হয়নি

TAGS

সম্পর্কিত খবর