নির্ভীক বাংলা,আসানসোল:
ঠিকাদারের অভাবে আসানসোল পৌরনিগমের একাধিক উন্নয়নমূলক কাজ আটকে রয়েছে বলে জানালেন পৌরনিগমের ডেপুটি মেয়র ওয়াসিমুল হক।
মঙ্গলবার দুপুরে জেলা শাসক এস পন্নাহবলম আসানসোল পৌরনিগমের সমস্ত কাউন্সিলর ও আধিকারিকদের নিয়ে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন। বৈঠকে দ্রুত কাজ সম্পূর্ণ করার জন্য সংশ্লিষ্টদের কাছে আবেদন জানান জেলা শাসক।
এই আলোচনাসভায় উপস্থিত ছিলেন আসানসোল পৌরনিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী, ডেপুটি মেয়র ওয়াসিমুল হক-সহ সমস্ত কাউন্সিলর, পৌর আধিকারিক ও ইঞ্জিনিয়াররা। বৈঠকে ডেপুটি মেয়র ওয়াসিমুল হক বলেন, ঠিকাদারের অভাবে বহু উন্নয়নমূলক কাজ বাস্তবায়িত করা যাচ্ছে না। তিনি পৌরনিগমের বিভিন্ন দপ্তরের সঙ্গে যুক্ত ঠিকাদারদের কাছে আবেদন জানান, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্পে সরকারের পাশে দাঁড়িয়ে কাজ করার জন্য।
ওয়াসিমুল হক জানান, এটি মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প এবং ইতিমধ্যেই প্রকল্পের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করা হয়েছে। প্রকল্পের কাজ স্থানীয় বাসিন্দাদের চাহিদা অনুযায়ী ঠিক করা হয়েছে, ফলে কাজ করতে কোনও ধরনের বাধা থাকবে না এবং স্থানীয় বাসিন্দারাও সহযোগিতা করবেন বলে তিনি আশাবাদী।
পৌরনিগম সূত্রে জানা গেছে, আসানসোল পৌরনিগম এলাকায় ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্পের আওতায় প্রায় সাড়ে তিন হাজার কাজ এবং পথশ্রী প্রকল্পে প্রায় আড়াইশো কাজ অনুমোদন পেয়েছে। তবে পর্যাপ্ত অর্থ থাকা সত্ত্বেও কাজ করার জন্য ঠিকাদার না পাওয়ায় টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ করা সম্ভব হচ্ছে না।
এই পরিস্থিতিতে ডেপুটি মেয়র সকল ঠিকাদারদের কাছে আবেদন জানান, মুখ্যমন্ত্রীর স্বপ্নের এই উন্নয়ন প্রকল্পগুলিকে সফল করতে এগিয়ে আসার জন্য।





