ভিডিও

আসানসোল পৌর নিগমের কুলটি বোরো কার্যালয়ে কংগ্রেসের বিক্ষোভ, সাফাই কর্মী ও আশা কর্মীদের দাবি মানার আহ্বান

নির্ভীক বাংলা,আসানসোল, পশ্চিম বর্ধমান:
বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিকে সামনে রেখে আন্দোলনরত সাফাই কর্মী ও আশা কর্মীদের দাবির সমর্থনে বুধবার আসানসোল পৌর নিগমের কুলটি বোরো কার্যালয়ে বিক্ষোভ প্রদর্শন করল কুলটি ব্লক কংগ্রেস।
উল্লেখ্য, পশ্চিম বর্ধমান জেলার আসানসোল পৌর নিগমের অধীন শতাধিক আশা কর্মী ২৩ ডিসেম্বর থেকে কর্মবিরতি করে বেতন বৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে আন্দোলনে সামিল রয়েছেন। অপরদিকে গত সাত দিন ধরে আসানসোল পৌর নিগমের ১০৬টি ওয়ার্ডে সাফাই কর্মীরাও বেতন বৃদ্ধি ও অন্যান্য দাবি নিয়ে সাফাইয়ের কাজ বন্ধ রেখে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।
এই দুই গোষ্ঠী—আশা কর্মী ও সাফাই কর্মীদের দাবিকে সম্পূর্ণ সমর্থন জানিয়ে বুধবার দুপুর প্রায় ১২টা নাগাদ কুলটি বোরো কার্যালয়ে বিক্ষোভে নামেন কুলটি ব্লক কংগ্রেসের নেতা-কর্মীরা।
এই বিক্ষোভ কর্মসূচির নেতৃত্ব দেন কুলটি ব্লক কংগ্রেসের সভাপতি সুকান্ত দাস। কংগ্রেস নেতৃত্বের দাবি, অবিলম্বে সরকার পক্ষকে সাফাই কর্মী ও আশা কর্মীদের ন্যায্য দাবিগুলি মেনে নিতে হবে। তা না হলে আগামী দিনে আন্দোলন আরও তীব্র করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।
বিক্ষোভ ঘিরে কুলটি বোরো কার্যালয় চত্বরে উত্তেজনা ছড়ালেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন ছিল।

TAGS

সম্পর্কিত খবর