ভিডিও

আনন্দপুরে মোমো কারখানার অগ্নিকাণ্ডে মৃত শ্রমিকদের ক্ষতিপূরণের দাবিতে বাম যুব সংগঠনের বিক্ষোভ

নির্ভীক বাংলা,রাণীগঞ্জ: কলকাতার আনন্দপুরে মোমো তৈরির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে শ্রমিকদের মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণের দাবিতে বৃহস্পতিবার সকালে রাণীগঞ্জের ওয়াও মোমো দোকানের সামনে বিক্ষোভ দেখাল বাম যুব সংগঠন ডিওয়াইএফআই।
বিক্ষোভে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই-এর সম্পাদক দুর্লভ হালদার। তিনি অভিযোগ করে জানান, সম্প্রতি আনন্দপুরে মোমো তৈরির ওই কারখানায় আগুন লাগার সময় গেট বাইরে থেকে তালাবদ্ধ ছিল। ফলে অন্তত ১৪ জন শ্রমিক জীবন্ত দগ্ধ হয়ে প্রাণ হারান এবং এখনও প্রায় ৩০ জন শ্রমিক নিখোঁজ রয়েছেন। নিখোঁজ শ্রমিকদের সন্ধানে এখনও তল্লাশি চলছে।
ডিওয়াইএফআই-এর দাবি, অবৈধভাবে জলাজমি ভরাট করে তৈরি ওই কারখানাকে তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকার অনুমতি দিয়েছে। কারখানায় কোনও অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিল না, যার ফলেই এতগুলি নিরীহ শ্রমিকের প্রাণহানি ঘটেছে।
সংগঠনের পক্ষ থেকে অবিলম্বে মৃত শ্রমিকদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান এবং নিখোঁজ শ্রমিকদের সঠিক তথ্য প্রকাশের দাবি জানানো হয়েছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজ্যের বিভিন্ন মোমোর দোকানের সামনে ধারাবাহিকভাবে বিক্ষোভ চলবে বলেও হুঁশিয়ারি দেয় ডিওয়াইএফআই

TAGS

সম্পর্কিত খবর