ভিডিও

আগুনঝরা বাইকের দাপট রুখতে কড়া ট্রাফিক অভিযান দুর্গাপুরে

বিকট শব্দ ও আগুন ছোড়া এক্সহস্টে অতিষ্ঠ শহরবাসী

নির্ভীক বাংলা,দুর্গাপুর:
বাইকের সাইলেন্সার থেকে আগুনের ফুলকি, বিকট শব্দে গুলির আওয়াজ—এই ‘হলিউড-টালিউড মার্কা’ শব্দ ও আলো-আতঙ্কে অতিষ্ঠ দুর্গাপুরবাসী। শিল্পাঞ্চলের বিভিন্ন প্রান্তে প্রতিদিনই এই ধরনের শব্দবাজ ও আগুন ছোড়া বাইকের দৌরাত্ম্যে নাজেহাল হচ্ছেন পথচারী থেকে শুরু করে গাড়িচালকরা।
এই বেআইনি ও বিপজ্জনক দাপট রুখতে শনিবার সন্ধ্যায় দুর্গাপুরের গান্ধী মোড়ে বিশেষ ট্রাফিক অভিযান চালায় আসানসোল–দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগ। অভিযানে আগুন ছোড়া এক্সহস্ট, বিকট শব্দযুক্ত ও বেআইনি সাইলেন্সার লাগানো একাধিক বাইক আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানের সময় নিয়ম ভাঙা বাইকচালকদের বিরুদ্ধে জরিমানা করা হয় এবং ভবিষ্যতের জন্য কড়া সতর্কবার্তাও দেওয়া হয়। ট্রাফিক ইন্সপেক্টর–৩ সন্তোষ ভকত জানান,
“ভবিষ্যতে এই ধরনের সাইলেন্সার বা এক্সহস্ট ব্যবহার করলে আর কোনও সতর্কবার্তা দেওয়া হবে না। সরাসরি কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে ড্রাইভিং লাইসেন্স বাতিল ও গাড়ি আটক করা হবে।”
পুলিশের এই অভিযানে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সাধারণ মানুষ। শহরবাসীর দাবি, এ ধরনের অভিযান নিয়মিত হলে দুর্গাপুরে ফের নিরাপদ ও শান্ত পরিবেশ ফিরবে।

TAGS

সম্পর্কিত খবর