নির্ভীক বাংলা,অন্ডাল, পশ্চিম বর্ধমান:
পশ্চিম বর্ধমানের অন্ডাল থানার অন্তর্গত শংকরপুর রেলস্টেশন সংলগ্ন একটি খাবারের দোকানে ঢুকে পড়ল একটি পিকআপ ভ্যান। বৃহস্পতিবার সকালে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছে পাঁচ বছরের এক শিশু ও তার বাবা।
স্থানীয় সূত্রে জানা যায়, পিকআপ ভ্যানটি পার্কিং জায়গা থেকে বের করার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ে। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনার সময় গাড়িটি খালাসি চালাচ্ছিল।
দুর্ঘটনার পর তড়িঘড়ি আহত দু’জনকে স্থানীয় খাঁন্দরা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় উখড়া ফাঁড়ির পুলিশ। পুলিশ ঘাতক পিকআপ ভ্যানটিকে আটক করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। রেলস্টেশন সংলগ্ন এলাকায় যানবাহন চলাচলে আরও সতর্কতার দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা।








