নির্ভীক বাংলা,কলকাতা: পদ্মশ্রী পুরস্কার প্রাপ্য অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে সাধারণতন্ত্র দিবসের আগেই অভিনন্দন জানালেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। শনিবার সকালেই তিনি অভিনেতার বালিগঞ্জের বাসভবনে যান।
এই সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সাংস্কৃতিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত অভিনেতা রুদ্রনীল ঘোষ। এদিন প্রসেনজিতকে উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয়। পাশাপাশি ফুলের তোড়া, মিষ্টি এবং অযোধ্যার রামমন্দিরের রামলালার প্রতিকৃতি তুলে দেওয়া হয় তাঁর হাতে।
সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার জানান, এই সৌজন্য সাক্ষাতের সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। তিনি বলেন, “সব বিষয়ের মধ্যে রাজনীতি ঢোকানো ঠিক নয়। একজন বিশিষ্ট শিল্পীকে তাঁর প্রাপ্য সম্মানের জন্য অভিনন্দন জানাতেই এসেছি।”
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে বাংলা চলচ্চিত্র ও টেলিভিশন জগতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ চলতি বছরে পদ্মশ্রী পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।





