ভিডিও

আসানসোলের হেলথ ওয়ার্ল্ড হাসপাতালে চিকিৎসায় গাফিলতির অভিযোগ

তিন বছরের শিশুকন্যার মৃত্যু ঘিরে উত্তেজনা

শ্যাম দাস ,নির্ভীক বাংলা,আসানসোল, পশ্চিমবঙ্গ:
আসানসোলের হেলথ ওয়ার্ল্ড হাসপাতালে কথিত চিকিৎসায় গাফিলতির অভিযোগে তিন বছরের এক শিশুকন্যার মৃত্যুকে ঘিরে শনিবার ব্যাপক উত্তেজনা ছড়াল হাসপাতাল চত্বরে। মৃত শিশুটির নাম প্রিয়াঙ্কা মুখোপাধ্যায়। তার বাড়ি রানিগঞ্জের সিয়ারসোল এলাকায়।
পরিবারের অভিযোগ, শুক্রবার রাত প্রায় সাড়ে ৯টা নাগাদ জ্বর ও বমির উপসর্গ নিয়ে প্রিয়াঙ্কাকে হেলথ ওয়ার্ল্ড হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে পৌঁছনোর পর চিকিৎসকরা তাকে পরীক্ষা করে অক্সিজেন সাপোর্টে রাখেন। তবে এরপর থেকেই শুরু হয় গাফিলতির অভিযোগ।
পরিজনদের দাবি, শিশুটি বারবার জল চাইছিল এবং অত্যন্ত অস্থির হয়ে পড়েছিল। কিন্তু হাসপাতালের কর্মীরা ‘বমি হতে পারে’ এই যুক্তিতে তাকে জল দিতে অস্বীকার করেন। অভিযোগ, চিকিৎসকরা জানান শনিবার সকালে রক্ত পরীক্ষা হবে এবং রিপোর্ট আসার পরই চিকিৎসা ও ওষুধ শুরু করা হবে। এর ফলে গোটা রাত শিশুটিকে কোনও ওষুধ দেওয়া হয়নি বলে অভিযোগ।
পরিবারের বক্তব্য, শনিবার সকালে শিশুটির শারীরিক অবস্থা আশঙ্কাজনক হয়ে ওঠে এবং অল্প সময়ের মধ্যেই তার মৃত্যু হয়। মৃত্যুর পর অভিযোগ ওঠে, হাসপাতাল কর্তৃপক্ষ পরিবারকে জোর করে বাইরে বের করে দেয় এবং ভেতরে প্রবেশে বাধা দেয়।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই শিশুর আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা হাসপাতালের বাইরে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। তাঁরা শিশুর দেহ দেখানো, রাত থেকে সকাল পর্যন্ত কী চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়েছে তার পূর্ণ বিবরণ দাবি করেন। চিকিৎসক ও হাসপাতাল কর্মীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবিও তোলেন বিক্ষোভকারীরা।
পরিবারের আরও অভিযোগ, হাসপাতাল কর্মীদের আড়াল করতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তদের নিরাপত্তা দিচ্ছে।
এ প্রসঙ্গে বিজেপির রাজ্যস্তরের নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় বলেন, “হেলথ ওয়ার্ল্ড হাসপাতালে চিকিৎসকের চেয়ে বাউন্সার বেশি চোখে পড়ে। হাসপাতালটির উপর শাসক দলের কিছু নেতার প্রভাব রয়েছে এবং সেই কারণেই একের পর এক অনিয়ম ঘটছে।” তিনি জানান, দল মৃত শিশুর পরিবারের পাশে রয়েছে এবং সর্বাত্মক সহায়তা করবে।
ঘটনার পর গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিবার ও স্থানীয় বাসিন্দারা ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

TAGS

সম্পর্কিত খবর