নির্ভীক বাংলা,হিঙ্গলগঞ্জ, উত্তর ২৪ পরগনা:
সরস্বতী পুজোকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের সাহেবখালি গ্রাম পঞ্চায়েত এলাকা। অভিযোগ, রিভার গার্ড বাজার সংলগ্ন এলাকায় দুটি বাইক ভাঙচুরের পাশাপাশি একাধিক বাড়িতে হামলার চেষ্টা চালানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দুলদুলি খাজানজি পাড়ায় সরস্বতী পুজো উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠান চলাকালীন মোবাইলে ভিডিও করা নিয়ে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়, যা পরে মারধরের ঘটনায় রূপ নেয়। এরপর অভিযোগ, দুলদুলি খাজানজি পাড়ার একদল যুবক সাহেবখালি গ্রাম পঞ্চায়েত এলাকায় এসে রাতের অন্ধকারে দুটি বাইক ও একটি গাড়ি ভাঙচুর করে। ক্ষতিগ্রস্ত গাড়িটির মালিক শান্তনু মণ্ডল বলে জানা গেছে।
ঘটনার খবর পেয়ে সাহেবখালি পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই পক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি সাময়িকভাবে নিয়ন্ত্রণে আনে। তবে অভিযোগ, পরে প্রকাশ্য রাস্তায় সাহেবখালি গ্রাম পঞ্চায়েতের এক সদস্যের স্বামী সন্তু মণ্ডলকে মারধর করা হয়। সেই সময় ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের উপরও হামলা চালানো হয় এবং তাঁদের মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগ ওঠে।
এক বাইক মালিক অভিযোগ করে বলেন, “যারা আমার গাড়ি ভাঙচুর করেছে, তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। অথচ আমাকে মারধর করা হল। একজন জনপ্রতিনিধি বা তাঁর পরিবারের কেউ কেন এইভাবে আচরণ করবে, তার জবাব চাই।”
এ বিষয়ে সাহেবখালি গ্রাম পঞ্চায়েতের প্রধান আশুতোষ কামিলা বলেন, “এই বিষয়টি সম্পূর্ণ প্রশাসনের দেখার বিষয়। রাতের বেলায় এক এলাকা থেকে অন্য এলাকায় এসে কেন ঝামেলা করা হবে, তা প্রশাসনই খতিয়ে দেখুক।”
অন্যদিকে, এলাকার সাধারণ বাসিন্দাদের অভিযোগ, রাতের অন্ধকারে ১০ থেকে ১৫ জন বাইকে চেপে এসে দুষ্কৃতীরা এলাকায় তাণ্ডব চালায়। বাড়ির দরজা ভাঙচুরেরও চেষ্টা করা হয়। স্থানীয়দের দাবি, দ্রুত ও কঠোর প্রশাসনিক ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।




