নির্ভীক বাংলা,বাঁকুড়া: বাঁকুড়ার ওন্দায় বিজেপি কর্মী তাপস বারিককে পরিবারসহ জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ ঘিরে এবার পাল্টা পদক্ষেপ নিল তৃণমূল কংগ্রেস। গোটা ঘটনাকে একটি নিছক দুর্ঘটনা বলে দাবি করে ওন্দা থানায় নিরপেক্ষ তদন্তের আবেদন জমা দিল তৃণমূল নেতৃত্ব।
গতকাল সন্ধ্যায় বাঁকুড়ার ওন্দায় পাল্টা সভা করার পর তৃণমূল নেতৃত্ব সরাসরি ওন্দা থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করে। তাদের দাবি, নন্দনপুর গ্রামে তাপস বারিকের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাকে রাজনৈতিক রঙ দেওয়া হচ্ছে এবং বিজেপি উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৃণমূলকে দোষারোপ করছে।
উল্লেখ্য, গত বুধবার গভীর রাতে ওন্দা থানার অন্তর্গত নন্দনপুর গ্রামে বিজেপি নেতা তাপস বারিকের বাড়িতে আগুন লাগিয়ে তাঁকে ও তাঁর পরিবারকে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছে—এই অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যজুড়ে তীব্র রাজনৈতিক শোরগোল শুরু হয়।
ঘটনার পরপরই নন্দনপুর গ্রামে গিয়ে তাপস বারিকের পরিবারের সঙ্গে দেখা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান এবং ওন্দায় সভা করে পুলিশ প্রশাসনকে কড়া ভাষায় হুঁশিয়ারি দেন।
শুভেন্দু অধিকারীর সেই সভার কয়েকদিনের মধ্যেই গতকাল ওন্দায় পাল্টা সভা করে তৃণমূল। সভা থেকে দাবি করা হয়, তাপস বারিকের বাড়িতে অগ্নিকাণ্ড একটি দুর্ঘটনা, পরিকল্পিত হামলা নয়। বিজেপি ইচ্ছাকৃতভাবে ঘটনাকে রাজনৈতিক চক্রান্ত হিসেবে তুলে ধরে কুৎসা ছড়াচ্ছে বলে অভিযোগ তৃণমূলের।
সভা শেষে তৃণমূল নেতৃত্ব ওন্দা থানায় গিয়ে নিরপেক্ষ তদন্তের দাবিতে লিখিত আবেদন জমা দেয়। তবে বিজেপি এখনও তাদের অভিযোগে অনড়। বিজেপির দাবি, এই ঘটনা তৃণমূলের পরিকল্পিত রাজনৈতিক আক্রমণ এবং দোষীদের আড়াল করতেই এখন দুর্ঘটনার তত্ত্ব খাড়া করা হচ্ছে।
এখন দেখার, তদন্তের গতিপ্রকৃতি কোন দিকে মোড় নেয়।
বাইট:
সুব্রত দত্ত – তৃণমূল কংগ্রেস, বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি
অমরনাথ শাখা – বিজেপি বিধায়ক, ওন্দা




