ভিডিও

সমস্ত জল্পনার অবসান, ২০ বছর পর পশ্চিমবঙ্গে ২৯৪ আসনেই লড়ছে কংগ্রেস

নির্ভীক বাংলা:
সমস্ত জল্পনা–কল্পনার অবসান ঘটিয়ে এবং আষাঢ়ে গল্পে কার্যত ঝামা ঘষে দিয়ে প্রায় ২০ বছর পর পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে এককভাবে ২৯৪টি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিল ভারতীয় জাতীয় কংগ্রেস।
পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে দীর্ঘদিনের সাংগঠনিক পরিশ্রম ও স্বচ্ছ রাজনৈতিক দৃষ্টিভঙ্গির ফলেই এই ঐতিহাসিক সিদ্ধান্ত সম্ভব হয়েছে বলে দাবি দলের। রাজ্যের সর্বস্তরের কংগ্রেস নেতা-কর্মীদের একত্রিত করে সংগঠনকে এমন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, যেখানে সর্বভারতীয় কংগ্রেস কমিটির পূর্ণ সম্মতি ও সিদ্ধান্তক্রমে পশ্চিমবঙ্গে কংগ্রেস এককভাবে বিধানসভা নির্বাচনে লড়ার পথে এগোচ্ছে।
দল সূত্রে জানানো হয়েছে, সর্বভারতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, সর্বভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক (সংগঠন) কে.সি. বেণুগোপাল এবং পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম আহমেদ মীরের নেতৃত্বেই এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে সর্বভারতীয় নেতৃত্বকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়েছে। দলের দাবি, আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যের সর্বত্র হাত চিহ্নেই লড়াই হবে এবং সর্বত্র কংগ্রেসের পতাকা উড়বে।
দলের বক্তব্য, পশ্চিমবঙ্গে কংগ্রেসের নিজস্ব রাজনৈতিক পরিচয় ও শক্তিকে নতুন করে প্রতিষ্ঠা করতেই এই সিদ্ধান্ত এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

TAGS

সম্পর্কিত খবর

সর্বশেষ খবর