ভিডিও

যানজটমুক্ত আসানসোল নিয়ে বাস অ্যাসোসিয়েশন ও পুলিশের বৈঠক, টোটো রুট দেওয়ার আশ্বাস

নির্ভীক বাংলা:
আজ আসানসোল বাস ও মিনি বাস অ্যাসোসিয়েশনের কর্মকর্তা এবং আসানসোল–দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি ট্রাফিক পিভিজি সতীশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আইএনটিটিইউসি নেতা রাজু আহলুওয়ালিয়া সহ পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগের একাধিক আধিকারিক উপস্থিত ছিলেন।
বৈঠকে আসানসোল শহরকে কীভাবে যানজটমুক্ত করা যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ডিসি ট্রাফিক পিভিজি সতীশ জানান, বর্তমানে প্রায় ৯৯ শতাংশ টোটোর নিবন্ধন সম্পন্ন হয়েছে এবং আগামী কয়েক মাসের মধ্যেই এই সমস্ত টোটোকে নির্দিষ্ট রুট দেওয়া হবে। তিনি বলেন, বাস মালিকদের তরফে টোটো চলাচল নিয়ে প্রায়ই অভিযোগ উঠে আসে। আশা করা হচ্ছে, রুট নির্ধারণ হয়ে গেলে আগামী কয়েক মাসের মধ্যেই এই সমস্যার সমাধান হবে এবং শহরের যানজট অনেকটাই কমবে।
আইএনটিটিইউসি নেতা রাজু আহলুওয়ালিয়া বলেন, আজকের বৈঠকে বাস ও মিনি বাস অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং যৌথভাবে আলোচনা করা হয়েছে কীভাবে আসানসোলকে যানজটমুক্ত রাখা যায়। পাশাপাশি, বাস পরিবহনের সঙ্গে যুক্ত চালক ও কর্মীদের সচেতন করা হয়েছে, যাতে তারা শহরের ট্রাফিক ব্যবস্থাকে সুস্থ রাখতে সহযোগিতা করেন। তিনি আরও বলেন, যাত্রীদের সঙ্গে—বিশেষ করে মহিলা ও শিশুদের সঙ্গে—ভদ্র ও শালীন আচরণ করার বিষয়টিও আজকের বৈঠকে গুরুত্ব সহকারে আলোচনা করা হয়েছে।
এদিকে, আসানসোল বাস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিজন মুখার্জি জানান, বৈঠকে তাঁর পক্ষ থেকে একটি প্রস্তাব পেশ করা হয়েছে। তিনি বলেন, কালী পাহাড়িতে নির্মিত নতুন বাসস্ট্যান্ড থেকে ভলভো, এসবিএসটিসি এবং আন্তঃরাজ্য বাস পরিষেবা চালু করা হলে শহরের ভিতরের যানজট অনেকটাই কমানো সম্ভব হবে।

TAGS

সম্পর্কিত খবর