নির্ভীক বাংলা,বসিরহাট:
বিপুল পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার করে এক পাচারকারীকে গ্রেফতার করেছে বসিরহাট থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে বসিরহাট থানার অন্তর্গত শংকরপুর এলাকা থেকে এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়।
পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে বস্তাভর্তি মোট ১,২৫০ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার হয়। উদ্ধার হওয়া কাফ সিরাপের আনুমানিক বাজারমূল্য লক্ষাধিক টাকা বলে জানিয়েছে পুলিশ।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এই বিপুল পরিমাণ কাফ সিরাপ বাংলাদেশে পাচারের উদ্দেশ্যেই নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশের তৎপরতায় পাচারের আগেই সেগুলি উদ্ধার করা সম্ভব হয়।
গ্রেফতার হওয়া অভিযুক্তের নাম হাদিউর জামান সরদার। তার বাড়ি মাটিয়া থানার জিঙ্কা গ্রামে। পুলিশি জেরায় অভিযুক্ত স্বীকার করেছে, সে দীর্ঘদিন ধরেই এই পাচার চক্রের সঙ্গে যুক্ত ছিল।
অভিযুক্তকে গ্রেফতার করে বৃহস্পতিবার বারাসাত জেলা আদালতে পেশ করা হয়েছে। এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।





