নির্ভীক বাংলা,নিজস্ব প্রতিনিধি, চিনাকুড়ী:
বিনা নোটিশে ইসিএলের নাম করে জমি কাটার অভিযোগ ঘিরে বৃহস্পতিবার উত্তেজনা ছড়াল চিনাকুড়ীর ৩ নম্বর পিট কোলিয়ারী সংলগ্ন এলাকায়। অভিযোগ, গ্রামবাসীদের জমিতে হঠাৎ ডোজার এনে মাটি কাটার কাজ শুরু করা হলে জমির মালিকদের বাধায় কাজ বন্ধ হয়ে যায়।
স্থানীয়দের দাবি, একটি বেসরকারি সংস্থার মালিক সন্দীপ ঠাকুর ও অবোধ ঠাকুর নামের এক ঠিকাদারকে জমি সমান করার দায়িত্ব দেওয়া হয়। সেই মতো ঠিকাদার ডোজার নিয়ে কাজ শুরু করতেই গ্রামবাসীরা বাধা দেন। তাঁদের অভিযোগ, ইসিএলের সঙ্গে কোনও আলোচনা বা লিখিত নোটিশ ছাড়াই বেআইনিভাবে জমিতে কাজ শুরু করা হয়েছে।
জমির মালিকদের বক্তব্য, প্রায় ১০০ থেকে ১৫০টি পরিবারের জমি ওই এলাকায় রয়েছে। ইসিএল যদি জমি অধিগ্রহণ করতে চায়, তবে আগে সব জমির মালিকের সঙ্গে আলোচনা করতে হবে এবং শর্তাবলি স্পষ্ট করে লিখিত নোটিশ দিতে হবে। তা না করে হঠাৎ করে মাটি কাটার কাজ শুরু করা সম্পূর্ণ বেআইনি।
গ্রামবাসীরা আরও জানান, এর আগেও দু’বার ওই এলাকায় মাটি কাটার চেষ্টা করা হয়েছিল। সেবার কোম্পানির ঠিকাদারকে প্রয়োজনীয় কাগজপত্র দেখানোর জন্য ১৫ দিনের সময় দেওয়া হলেও কোনও বৈধ নথি দেখাতে পারেনি। তাঁরা স্পষ্ট জানিয়ে দেন, নিয়ম মেনে ও কাগজপত্র দেখিয়ে কাজ হলে কেউ বাধা দেবেন না।
ঘটনার পর ইসিএল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের ফোনে পাওয়া যায়নি বলে অভিযোগ।
ঘটনাকে ঘিরে এলাকায় চরম উত্তেজনা তৈরি হয়েছে




