ভিডিও

বিধানসভা ভোটের আগে উত্তপ্ত বাংলার রাজনীতি

আশা কর্মীদের পর এবার সাফাই কর্মীদের আন্দোলন, বাড়ছে মমতা সরকারের চাপ


নির্ভীক বাংলা,আসানসোল, পশ্চিমবঙ্গ:
পশ্চিমবঙ্গে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আর কিছু মাস বাকি। তার আগেই রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। সব রাজনৈতিক দলই নির্বাচনী ময়দানে নেমে পড়েছে। একদিকে শাসক দল তৃণমূল কংগ্রেস তাদের বিভিন্ন জনমুখী প্রকল্প তুলে ধরে বিজেপিকে মোকাবিলা করতে চাইছে, অন্যদিকে বিজেপি কয়লা, বালি, পাথর, গরু পাচার, শিক্ষা-সহ একাধিক কথিত দুর্নীতির অভিযোগে মমতা সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানাচ্ছে।
বিজেপির অভিযোগ, রাজ্যের সাধারণ মানুষকে কেন্দ্র সরকারের প্রকল্প থেকে বঞ্চিত রাখা হয়েছে এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোটের উপর ভর করেই তৃণমূল কংগ্রেস বারবার ক্ষমতায় ফিরছে।
এই পরিস্থিতির মধ্যেই আশা কর্মীদের পর এবার সাফাই কর্মীদের আন্দোলন রাজ্য সরকারের মাথাব্যথা আরও বাড়িয়ে দিয়েছে। ন্যূনতম বেতন বৃদ্ধি, পিএফ ও ইএসআই সুবিধা, পরিচয়পত্র প্রদান এবং ক্যাজুয়াল কর্মীর স্বীকৃতির দাবিতে আশা কর্মী মহিলারা ও সাফাই কর্মীরা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। ভোটের মুখে এই আন্দোলন শাসক দলের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
সম্প্রতি রাজ্য বাজেটে আশা কর্মীদের ভাতা প্রায় এক হাজার টাকা বাড়ানোর ঘোষণা করা হলেও সাফাই কর্মীদের কোনও দাবিই মানা হয়নি। কর্পোরেশন প্রশাসনের দাবি, পৌর নিগমের আর্থিক অবস্থা বর্তমানে ভালো নয়, আগামী দু’বছর বেতন বৃদ্ধি সম্ভব নয়—যদিও অন্যান্য দাবিগুলি নিয়ে আলোচনা করা যেতে পারে।
গত কয়েক দিন ধরে আসানসোল শহরের সাফাই ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। শহরের বিভিন্ন এলাকায় আবর্জনার স্তূপ জমে গিয়ে নোংরা ও দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠছেন সাধারণ মানুষ।
এই আন্দোলনকে কেন্দ্র করে বিরোধী দলগুলিও সক্রিয় হয়ে উঠেছে। সিপিএম, কংগ্রেস ও বিজেপি রাস্তায় নেমে আন্দোলনে শামিল হয়েছে। কোথাও বিরোধী কর্মীরা নিজেরাই রাস্তায় জমে থাকা আবর্জনা পরিষ্কার করে সরকারকে বিঁধছেন, আবার কোথাও আসানসোল পৌর নিগম ঘেরাও করে দাবি আদায়ের চেষ্টা চলছে।
রাজনৈতিক মহলের মতে, আশা কর্মী ও সাফাই কর্মীদের এই আন্দোলন আগামী বিধানসভা নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠতে পারে, যা বিরোধীরা সরকারের বিরুদ্ধে জনমত গঠনের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছে।

TAGS

সম্পর্কিত খবর

সর্বশেষ খবর