ভিডিও

বাসন্তীর আমঝাড়ায় স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি

আশঙ্কাজনক অবস্থায় কলকাতায় ভর্তি, ছিনতাইয়ের সন্দেহ

নির্ভীক বাংলা,বাসন্তী:
দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার অন্তর্গত আমঝাড়া এলাকায় দুষ্কৃতীদের গুলিতে গুরুতর জখম হলেন এক স্বর্ণ ব্যবসায়ী। আহতের নাম কার্তিক নস্কর। শুক্রবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে এই দুঃসাহসিক হামলার ঘটনা ঘটে। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতোই নিজের সোনার দোকান বন্ধ করে মোটরবাইকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন কার্তিক নস্কর। আমঝাড়া এলাকায় পৌঁছনোর আগেই আচমকা পিছন দিক থেকে দুটি দুষ্কৃতী তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি তার পিঠে লাগে। গুরুতর জখম অবস্থাতেও তিনি প্রায় আধ কিলোমিটার বাইক চালিয়ে এগিয়ে যান। পরে একটি স্থানীয় দোকানের সামনে পৌঁছে অচৈতন্য হয়ে পড়ে যান।
স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শুরু হলেও চিকিৎসকেরা জানান, গুলি বের করার মতো পর্যাপ্ত পরিকাঠামো ওই হাসপাতালে নেই। শারীরিক অবস্থার অবনতি হওয়ার আশঙ্কায় তাকে দ্রুত কলকাতার চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতাল-এ স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে বলে পরিবার সূত্রে জানা গেছে।
ঘটনার খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ এবং থানার আইসি অভিজিৎ পাল হাসপাতালে পৌঁছান। সঙ্গে সঙ্গে তদন্ত শুরু হয়। এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী। ক্যানিং মহকুমার এসডিপিও রামকুমার মণ্ডল জানান,
“ঘটনাটিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ছিনতাইয়ের উদ্দেশ্যে হামলা নাকি পুরনো কোনও শত্রুতা—সব দিক খতিয়ে দেখা হচ্ছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।”
আহতের ভাইপো দিলীপ নস্কর বলেন,
“প্রতিদিনের মতোই কাকা দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। হঠাৎ করে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। আমরা মনে করছি ছিনতাইয়ের উদ্দেশ্যেই এই হামলা।”
পুলিশের প্রাথমিক অনুমানেও ছিনতাইয়ের চেষ্টা থাকতে পারে বলে ইঙ্গিত মিলেছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। এই ঘটনায় আতঙ্কে রয়েছেন এলাকার বাসিন্দারা।

TAGS

সম্পর্কিত খবর