ভিডিও

ডাম্পার–ট্রাকটারের দৌরাত্ম্য রুখতে রায়পুরে পথ অবরোধ, উত্তেজনা এলাকাজুড়ে

ডাম্পার–ট্রাকটারের দৌরাত্ম্য রুখতে রায়পুরে পথ অবরোধ, উত্তেজনা এলাকাজুড়
উত্তর দিনাজপুর, রায়গঞ্জ:
ডাম্পার ও ট্রাকটারের লাগাতার দৌরাত্ম্যের প্রতিবাদে বুধবার সকাল থেকে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের রায়পুর এলাকায় চরম উত্তেজনা ছড়ায়। ভারী যান চলাচল বন্ধের দাবিতে রাস্তায় নেমে পথ অবরোধে সামিল হন স্থানীয় বাসিন্দারা।
এলাকাবাসীদের অভিযোগ, দীর্ঘ কয়েক মাস ধরেই এই গুরুত্বপূর্ণ রাস্তা দিয়ে অবাধে চলছে অতিরিক্ত মালবোঝাই ডাম্পার ও ট্রাকটার। এর ফলে প্রতিদিনই তীব্র যানজট তৈরি হচ্ছে। বিশেষ করে স্কুল টাইমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। পড়ুয়াদের সময়মতো স্কুলে পৌঁছানো কার্যত অসম্ভব হয়ে পড়েছে বলে অভিযোগ।
স্থানীয়দের দাবি, এই রাস্তা PWD-এর অন্তর্ভুক্ত হলেও নিয়ম না মেনে ডবল বা তারও বেশি মাল বোঝাই করে ডাম্পার চলাচল করছে। এর জেরে একদিকে যেমন রাস্তার ব্যাপক ক্ষতি হচ্ছে, তেমনই অন্যদিকে সাধারণ মানুষের জীবনও ঝুঁকির মুখে পড়ছে।
ক্ষোভে ফেটে পড়ে বুধবার সকাল থেকেই গাড়ি আটকে দীর্ঘক্ষণ পথ অবরোধ চালান এলাকাবাসীরা। তাঁদের স্পষ্ট দাবি—অবিলম্বে এই রাস্তায় ভারী যান চলাচল বন্ধ করতে হবে।
স্থানীয় বাসিন্দা অর্জুন দেবনাথ বলেন, “কয়েক মাস ধরেই দেখছি ডাম্পার ও ট্রাকটার অবাধে চলছে। স্কুল টাইমে বাচ্চাদের যাতায়াত করা অসম্ভব হয়ে পড়েছে। এইভাবে আর চলতে পারে না।”
অন্যদিকে বিশিষ্ট সমাজসেবী অচিন্ত্য দেবের বক্তব্য, “এটি PWD-এর রাস্তা। অথচ কোনও নিয়ম না মেনে অতিরিক্ত লোড নিয়ে ডাম্পার চলছে। এতে রাস্তা নষ্ট হচ্ছে, মানুষের জীবনও বিপন্ন হচ্ছে।”
এলাকাবাসীরা জানিয়েছেন, খুব শীঘ্রই বিষয়টি লিখিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হবে। দ্রুত সমাধান না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা।

TAGS

সম্পর্কিত খবর