নির্ভীক বাংলা,শান্তিপুর:
কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং-এর শান্তিপুর সফরের ঠিক আগেই গোটা শান্তিপুর জুড়ে বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের নামে পোস্টার পড়াকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক উত্তেজনা ছড়াল। পোস্টারগুলিতে লেখা রয়েছে— “শান্তিপুরের গাদ্দার জগন্নাথ সরকার”।
উল্লেখ্য, কিছুক্ষণের মধ্যেই শান্তিপুরে পৌঁছনোর কথা কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং-এর। সেখানে তিনি তাঁত শিল্পীদের সঙ্গে বৈঠক করবেন। ওই কর্মসূচিতে উপস্থিত থাকার কথা বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য, রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার সহ দলের অন্যান্য নেতৃত্বের।
কিন্তু তার আগেই শান্তিপুর শহর ও আশপাশের এলাকায় জগন্নাথ সরকারের নামে এই ধরনের পোস্টার পড়তে দেখা যায়, যা ঘিরে চাঞ্চল্য ছড়ায়।
এ বিষয়ে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, এই ঘটনার নেপথ্যে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস রয়েছে। বিজেপি নেতৃত্বের দাবি, শান্তিপুর এলাকায় তৃণমূলের সাংগঠনিক অবস্থান দুর্বল। সেই কারণেই তারা এই ধরনের অপপ্রচার ও অপসংস্কৃতির আশ্রয় নিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে।
তবে বিজেপির এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের পাল্টা বক্তব্য, বিজেপির অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই এই ঘটনা ঘটেছে। তাদের দাবি, বিজেপির মধ্যেই চার-পাঁচটি গোষ্ঠী রয়েছে এবং আগামী দিনে প্রার্থী কে হবেন তা নিয়ে দলের অন্দরেই বিবাদ চলছে। সেই দ্বন্দ্বের ফলেই এই পোস্টার পড়েছে, এর সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই।
এই ঘটনাকে কেন্দ্র করে শান্তিপুরের রাজনীতিতে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে।





