“
নির্ভীক বাংলা,শ্যাম দাস, আসানসোল
পশ্চিম বর্ধমান, আসানসোল:
আসানসোলের জিটি রোড সংলগ্ন লোকো ট্যাঙ্ক মোড় এলাকায় দীর্ঘদিন ধরে ব্যবসা করা ছোট ব্যবসায়ীদের ক্ষোভে ফের উত্তাল এলাকা। শহরের সৌন্দর্যায়নের অজুহাতে প্রায় তিন বছর আগে আসানসোল পৌরনিগম ওই এলাকার ছোট দোকানদারদের সরিয়ে দেয়। তখন পৌরনিগমের তরফে বিকল্প জায়গায় দোকান দেওয়ার আশ্বাস দেওয়া হলেও, আজ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ।
ব্যবসায়ীদের দাবি, মোট ৪১ জন ব্যবসায়ীর মধ্যে ৪০ জনই এখনও বিকল্প দোকান পাননি। অথচ ওই এলাকাতেই একজন ব্যবসায়ীকে নার্সারি চালানোর অনুমতি দেওয়া হয়েছে। এই বৈষম্যের অভিযোগে বৃহস্পতিবার ক্ষুব্ধ ব্যবসায়ীরা বিক্ষোভে সামিল হন। বিক্ষোভ চলাকালীন পৌরনিগমের তৈরি করা পার্কে ভাঙচুরের ঘটনাও ঘটে।
ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইএনটিটিইউসি নেতা রাজু আলুওয়ালিয়া বলেন,
“পৌরনিগম ছোট ব্যবসায়ীদের সরিয়ে দিয়েছিল এই প্রতিশ্রুতি দিয়ে যে তাঁদের বিকল্প দোকান দেওয়া হবে। কিন্তু বাস্তবে একজন ছাড়া বাকি সবাই বঞ্চিত। একজন পুঁজিপতিকে এখানে নার্সারি করার অনুমতি দেওয়া হয়েছে—এটা স্পষ্ট বৈষম্য।”
তিনি আরও বলেন,
“যদি এখানে সত্যিই পার্ক তৈরি করা হয়ে থাকে, তাহলে শুধু গাছপালা থাকলেই হবে না, শিশুদের খেলার ব্যবস্থাও থাকা উচিত। কিন্তু এখানে তেমন কোনও পরিকাঠামো নেই। বরং ব্যবসায়ীদের ন্যায্য দাবিকে উপেক্ষা করা হয়েছে।”
রাজু আলুওয়ালিয়ার অভিযোগ, একজন মাত্র ব্যবসায়ীকে নার্সারি চালানোর অনুমতি দেওয়ার পিছনে আর্থিক দুর্নীতি রয়েছে। তিনি বলেন, “পৌরনিগম এইভাবে পক্ষপাতদুষ্ট আচরণ করতে পারে না। যেসব ব্যবসায়ীদের উচ্ছেদ করা হয়েছে, তাঁদের ক্ষোভ সম্পূর্ণ যৌক্তিক।”
ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়ালেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে ব্যবসায়ীরা স্পষ্ট জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে।





