নির্ভীক বাংলা,দুর্গাপুর:
বারবার দরবার করেও চাকরির বিষয়ে কোনও সদুত্তর মেলেনি। অবশেষে রাজ্য সরকারের অধীনস্থ দুর্গাপুর প্রজেক্টস লিমিটেড (ডিপিএল)-এর কারখানার গেটের সামনেই প্রদীপ জ্বালিয়ে আমরণ অনশনে বসেছেন মৃত শ্রমিকদের পোষ্যরা। আন্দোলনকারীদের স্পষ্ট ঘোষণা—নিয়োগপত্র হাতে না পাওয়া পর্যন্ত কিংবা মৃত্যু, এই দুইয়ের একটিও না হওয়া পর্যন্ত তাঁরা অনশন মঞ্চ ছাড়বেন না।
আন্দোলনকারীদের অভিযোগ, প্রায় তেরো বছর ধরে চাকরির দাবিতে আন্দোলন চালিয়ে গেলেও প্রশাসনের তরফে শুধু আশ্বাসই মিলেছে, বাস্তবে কোনও অগ্রগতি হয়নি। ক্রমবর্ধমান দ্রব্যমূল্যের বাজারে সংসার চালানো কার্যত অসম্ভব হয়ে পড়ায় চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তাঁরা। আন্দোলনকারীদের দাবি, অনশন চলাকালীন যজ্ঞের প্রদীপও নিরবচ্ছিন্নভাবে জ্বলতে থাকবে।
এ বিষয়ে ডিপিএলের মুখ্য জনসংযোগ আধিকারিক স্বাগতা মিত্র জানান, এই বিষয়টি নিয়ে ডিপিএলের পক্ষ থেকে কিছু করার নেই।
এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘোড়ুই কটাক্ষ করে বলেন,
“এর নামই তো এগিয়ে বাংলা।”
অন্যদিকে, আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা দিয়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।
পরিস্থিতি শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, সেদিকেই তাকিয়ে রয়েছে শিল্পনগরী দুর্গাপুর। আন্দোলনকারীদের শেষ কথা—এই অনশন মঞ্চ থেকে তাঁরা হয় চাকরির নিয়োগপত্র নিয়ে উঠবেন, নতুবা মৃত্যুকেই বেছে নেবেন।




