নির্ভীক বাংলা:
অন্ডালের উখড়ার শফিক নগরের ২৪২ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পুষ্টিকর খাবারে পোকা পাওয়াকে ঘিরে চাঞ্চল্য ও উত্তেজনা ছড়াল। শুক্রবার সকালে গর্ভবতী মহিলা ও শিশুরা নিয়মমাফিক অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে খাবার নিতে এসে এই দৃশ্য দেখে হতবাক হয়ে যান।
অভিযোগ, খাবার পরিবেশন করার সময় ভাতের মধ্যে ছোট ছোট পোকা দেখা যায়। বিষয়টি জানাজানি হতেই এলাকায় শোরগোল পড়ে যায়। ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে বিক্ষোভ দেখিয়ে তারা নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ তোলেন।
অভিভাবকদের প্রশ্ন, এই খাবার খেয়ে যদি শিশু বা গর্ভবতী মহিলারা অসুস্থ হয়ে পড়েন, তাহলে তার দায়িত্ব কে নেবে?
অভিভাবক অর্জুন গোস্বামী বলেন,
“যেসব শিশুরা এখানে বসে পুষ্টিকর খাবার খায়, তাদের কী হবে? তারা অসুস্থ হলে দায়িত্ব কে নেবে?”
ঘটনাকে কেন্দ্র করে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে উত্তেজনা তৈরি হয়। অভিযোগ, পরিস্থিতি সামাল দিতে গিয়ে অঙ্গনওয়াড়ির শিক্ষিকাও মেজাজ হারান।
এ বিষয়ে অন্ডাল ব্লকের শিশু ও নারী কল্যাণ দপ্তরের আধিকারিক প্রীতম সাত্রা জানান,
“এরকম একটি ঘটনার কথা শুনেছি। অঙ্গনওয়াড়ির শিক্ষিকাকে ডেকে পাঠানো হবে। দ্রুত বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”





