নির্ভীক বাংলা,অন্ডাল/দুর্গাপুর:
দিল্লি থেকে সরাসরি অন্ডাল বিমানবন্দরে এসে পৌঁছলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, সাংসদ সমীর ভট্টাচার্য, রকেট চট্টোপাধ্যায়, জ্যোতি সিং মাহাতো, সৌমিত্র খাঁ-সহ একাধিক রাজ্য ও জেলা নেতৃত্ব।
বিমানবন্দর থেকে তিনি সোজা দুর্গাপুরের উদ্দেশে রওনা দেন। আজ দুর্গাপুরের চিত্রালয়ের মাঠে কমল মেলার উদ্বোধনের পাশাপাশি সন্ধ্যা থেকে একাধিক রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার। আগামীকাল সকালে ভিরিঙ্গি কালীবাড়িতে পুজো দেওয়ার পর পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার বিজেপি নেতৃত্বদের সঙ্গে একটি সাংগঠনিক বৈঠক করারও কর্মসূচি রয়েছে। দুর্গাপুরের মাটি থেকে কর্মী-সমর্থকদের উদ্দেশে তিনি কী বার্তা দেন, সেদিকেই তাকিয়ে রাজ্য রাজনীতি।
তবে নীতিন নবীন দুর্গাপুরে পৌঁছনোর পরই তৈরি হয় চরম বিশৃঙ্খলা। বিজেপির একাধিক কর্মীর মানিব্যাগ চুরি যাওয়ার অভিযোগ ওঠে। পরিস্থিতি সামাল দিতে গিয়ে দলের কর্মীদের মধ্যে হাতাহাতি ও ধাক্কাধাক্কি শুরু হয়। এই হইচইয়ের মধ্যেই পড়ে যান দলের একাধিক রাজ্যস্তরের নেতা বলেও জানা গেছে। ঘটনাস্থলে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পুরো ঘটনার জেরে কর্মসূচি ঘিরে নিরাপত্তা ও সংগঠন পরিচালনা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে।
।







