ভিডিও

সামান্য বিবাদকে কেন্দ্র করে বার্নপুরে তাণ্ডব, ক্লাব ও বাড়িতে হামলার অভিযোগ

নির্ভীক বাংলা,বার্নপুর, পশ্চিম বর্ধমান:
সামান্য একটি বিবাদকে কেন্দ্র করে শুক্রবার দুপুরে বার্নপুরের শ্যাম বাঁধ এলাকায় চাঞ্চল্য ছড়াল। অভিযোগ, লাঠি, শাবল ও কোদাল নিয়ে একদল মানুষ স্থানীয় একটি ক্লাব ও তার পাশের একটি বাড়ির উপর হামলা চালায়। ওই বাড়ির বাসিন্দাদের মারধর করা হয় বলেও অভিযোগ।
স্থানীয় সূত্রে জানা যায়, এদিন দুপুরে একটি টোটোয় করে এক মহিলা তাঁর সন্তানকে নিয়ে যাচ্ছিলেন। সেই সময় টোটোর ধাক্কায় বা চলার সময় এক ব্যক্তির গায়ে জল ছিটকে যায়। তা নিয়ে টোটো চালকের সঙ্গে ওই ব্যক্তির বাদানুবাদ শুরু হয়। অভিযোগ, সেই সময় টোটোয় থাকা মহিলার উপর হামলা চালানো হয়, যার জেরে তাঁর শিশুসন্তান আহত হয়।
এরপর অভিযোগ ওঠে, ওই মহিলার পরিচিত প্রায় ১০০ থেকে ১৫০ জন লোক ঘটনাস্থলে এসে শ্যাম বাঁধ এলাকার একটি ক্লাব ও ক্লাবের পাশে থাকা একটি বাড়িতে হামলা চালায়। বাড়ির লোকজনকেও মারধর করা হয় বলে অভিযোগ। আচমকা এই হামলায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার খবর পেয়ে পুলিশ প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় উত্তেজনা থাকলেও পরিস্থিতি পুলিশের নজরদারিতে রয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

TAGS

সম্পর্কিত খবর