নির্ভীক বাংলা,আসানসোল:
শুক্রবার, ৩০ জানুয়ারি জাতির জনক মহাত্মা মোহনদাস করমচাঁদ গান্ধীর মৃত্যুবার্ষিকীতে আসানসোল আদালত চত্বরে অবস্থিত গান্ধীজির মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানাল আসানসোল পৌরনিগম।
এই শ্রদ্ধানুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল পৌরনিগমের মেয়র পরিষদের সদস্য গুরুদাস চ্যাটার্জী, কাউন্সিলর ববিতা দাস-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে গুরুদাস চ্যাটার্জী বলেন, আসানসোল পৌরনিগমের পক্ষ থেকে সমস্ত মনীষীদের জন্ম ও মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়। তিনি বলেন, “দেশের স্বাধীনতা অর্জনে মহাত্মা গান্ধীর অবদান ভাষায় প্রকাশ করা যায় না।”
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি আরও বলেন, আজ অহিংসার আদর্শ থেকে সরে এসে হিংসার রাজনীতি মাথাচাড়া দিয়ে উঠছে। অনেকেই গান্ধীজির আদর্শ ও বাণী ভুলে গেছেন। তাই সমাজের সর্বস্তরের মানুষের কাছে গান্ধীজির মতাদর্শ অনুসরণ করার আবেদন জানান তিনি।
এই শ্রদ্ধানুষ্ঠানের মাধ্যমে মহাত্মা গান্ধীর অহিংসা, সত্য ও মানবতার আদর্শকে স্মরণ করে সেই পথেই চলার বার্তা দেওয়া হয়।





