নির্ভীক বাংলা,দুর্গাপুর:
কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী বাজেট ২০২৬ বাতিলের দাবিতে এবং এসআইআর (SIR)-এর নামে সাধারণ মানুষকে হয়রানির প্রতিবাদে আজ দুর্গাপুরের বেনাচিতি এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করল এসইউসিআই(সি)-র কর্মী ও সমর্থকেরা।
বিক্ষোভকারীদের অভিযোগ, এসআইআর শুনানির নামে হাজার হাজার সাধারণ মানুষকে অহেতুক হয়রানির শিকার করা হচ্ছে। তাঁরা দাবি করেন, এই প্রক্রিয়ার মাধ্যমে বহু বৈধ নাগরিকের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এসইউসিআই(সি)-র পশ্চিম বর্ধমান জেলা কমিটির সদস্য সোমনাথ বন্দ্যোপাধ্যায় বলেন,
“কেন্দ্র এবং রাজ্য সরকারের বাজেট সম্পূর্ণরূপে দিশাহীন। এই বাজেটে কর্মসংস্থানের কোনও দিশা নেই। কৃষক ও শ্রমিকদের ন্যায্য দাবিগুলির কোনওটাই পূরণ করা হয়নি। পাশাপাশি, এসআইআর-এর নামে কোনও বৈধ নাগরিককেই ভোটার তালিকা থেকে বাদ দেওয়া চলবে না।”
বিক্ষোভকারীরা বাজেট ২০২৬ প্রত্যাহার এবং এসআইআর প্রক্রিয়া অবিলম্বে বন্ধ করার দাবি জানান। তাঁদের হুঁশিয়ারি, দাবি পূরণ না হলে আগামী দিনে আন্দোলন আরও জোরদার করা হবে।







