ভিডিও

বালি পাচারের অভিযোগে গ্রেপ্তার পঞ্চায়েত প্রধানের ভাই,

দাদা বললেন—‘ও এখন ঘরজামাই’

বালি পাচার ও পুলিশের উপর হামলার অভিযোগে গ্রেপ্তার হলেন অষ্টম মেটে। তিনি চাকতেঁতুল পঞ্চায়েতের প্রধানের ভাই বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার সোনামুখী থানার অন্তর্গত দামোদর নদীর রণডিহা ঘাট এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে দামোদর নদে রণডিহা ঘাটে অবৈধ বালি উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালায় সোনামুখী থানার পুলিশ। সেই সময় অষ্টম মেটে ও তাঁর অনুগামীরা পুলিশের দলকে ঘিরে ধরে হামলা চালান বলে অভিযোগ। ওই ঘটনায় একাধিক পুলিশকর্মী আহত হন।
সোনামুখী থানার ওসি রাজশেখর মুখোপাধ্যায় জানান,
“বালি পাচার ও পুলিশের উপর হামলার অভিযোগে অষ্টম মেটেকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে যুক্ত অন্য অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।”
অন্যদিকে, গ্রেপ্তারির পর অষ্টম মেটের দাদা অনুপ মেটে দাবি করেন,
“ভাইকে পুলিশ গ্রেপ্তার করেছে—এই বিষয়টি আমার জানা নেই। কী অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, তাও জানি না। গত ১০ বছর ধরে ওর সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। ও এখন শ্বশুরবাড়িতেই থাকে।”
স্থানীয় সূত্রে অভিযোগ, দামোদর নদে রণডিহা ঘাট ও সাকুড়ি বালি ঘাট থেকে প্রায় প্রতিদিন রাতে ট্রাক্টরের মাধ্যমে বেআইনিভাবে বালি উত্তোলন করা হতো। সেই বালি গ্রামের রাস্তার ধারে মজুত করে পরে ট্রাকে করে বিভিন্ন জায়গায় পাচার করা হতো। সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে এই কাজ চলছিল বলেও অভিযোগ।
বালি বোঝাই ট্রাক্টর চলাচলের ফলে গ্রামের রাস্তার বেহাল দশা হয়েছে বলে অভিযোগ তুলে দীর্ঘদিন ধরে প্রতিবাদ করছিলেন গ্রামবাসীরা। তাঁদের দাবি, প্রতিবাদ করলেই ‘বালি মাফিয়া’-দের হুমকির মুখে পড়তে হতো।
চাকতেঁতুল পঞ্চায়েতের বিজেপি সদস্য বর্ণালী মাজি বলেন,
“আমার স্বামী অবৈধ বালি উত্তোলনের প্রতিবাদ করায় অষ্টম মেটে প্রাণনাশের হুমকি দিয়েছিলেন। আমরা তাঁর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
এই প্রসঙ্গে গলসি ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জনার্দন চট্টোপাধ্যায় বলেন,
“পুলিশ অভিযোগের ভিত্তিতেই পদক্ষেপ করেছে। আইন আইনের পথেই চলবে।”

TAGS

সম্পর্কিত খবর