নির্ভীক বাংলা , আসানসোল:
আসানসোল উত্তর থানার অন্তর্গত ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড (ইসিএল)-এর শ্রীপুর-সাতগ্রাম এরিয়ার গিরমিট ৪০ নম্বর ধাওড়ায় মঙ্গলবার উচ্ছেদ অভিযান চালানো হয়। ইসিএলের জমিতে গড়ে ওঠা অবৈধ দখলদারি সরাতে বুলডোজারের সাহায্যে প্রায় ২০টি বাড়ি ভেঙে ফেলা হয়।
জানা গেছে, গত ২২ জুলাই ২০২৬ তারিখে সংশ্লিষ্ট এলাকায় অবৈধ দখল সরানোর জন্য ইসিএলের পক্ষ থেকে বাসিন্দাদের নোটিস (লিফলেট) বিতরণ করা হয়েছিল। সেই নোটিসের ভিত্তিতেই মঙ্গলবার উচ্ছেদ অভিযান শুরু হয়।
অভিযান চলাকালীন আইন-শৃঙ্খলা বজায় রাখতে সিআইএসএফ এবং আসানসোল উত্তর থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল। নিরাপত্তার কড়া ব্যবস্থা থাকায় পুরো অভিযান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ইসিএলের আধিকারিক অপূর্ব বিশ্বাস, জয়শ্রী যাদব এবং সঞ্জয় চট্টোপাধ্যায়। ইসিএল কর্তৃপক্ষ জানিয়েছেন, পূর্বে জারি করা নোটিস অনুযায়ীই এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। প্রশাসনের সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশে অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য, ইসিএলের জমিতে অবৈধ দখলদারি রোধে সংস্থার পক্ষ থেকে বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। শ্রীপুর-সাতগ্রামের এই অভিযানও সেই ধারাবাহিকতারই অংশ বলে জানা গেছে।




