ভিডিও

বিহার থেকে গরু পাচারের অভিযোগে ট্রাক আটক, ২১টি গরু উদ্ধার; গ্রেপ্তার ২, পুলিশকে মিষ্টি খাইয়ে ধন্যবাদ বিজেপি যুবনেতার

নির্ভীক বাংলা,দুর্গাপুর:
বিহার থেকে কলকাতার দিকে গরু পাচারের অভিযোগে একটি ট্রাক আটক করল দুর্গাপুর থানার ফরিদপুর ফাঁড়ির পুলিশ। ট্রাক থেকে ২১টি গরু উদ্ধার করা হয়েছে। ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার গভীর রাতে ১৯ নম্বর জাতীয় সড়ক দিয়ে একটি গরুবোঝাই ট্রাক কলকাতার দিকে যাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ট্রাকটি আটক করে ফরিদপুর ফাঁড়ির পুলিশ। তল্লাশিতে ২১টি গরু উদ্ধার হয় এবং ট্রাকের সঙ্গে থাকা দু’জনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।
পুলিশের এই অভিযানের পর সোমবার সকালে ফরিদপুর ফাঁড়িতে পৌঁছান বিজেপির যুব নেতা পারিজাত গঙ্গোপাধ্যায়। তিনি ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক সুসীম সরকারকে মিষ্টি খাইয়ে পুলিশের এই পদক্ষেপের জন্য ধন্যবাদ জানান।
এ প্রসঙ্গে পারিজাত গঙ্গোপাধ্যায় বলেন, দীর্ঘদিন পর গরু পাচারের বিরুদ্ধে পুলিশকে সক্রিয় পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে। তাঁর দাবি, বিজেপি ক্ষমতায় আসার পর আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকা আরও সক্রিয় হয়েছে এবং সেই কারণেই সাধারণ মানুষের পক্ষ থেকে পুলিশকে ধন্যবাদ জানানো হচ্ছে।
এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে অতিরিক্ত কোনও মন্তব্য করা হয়নি। তদন্ত চলছে।

TAGS

সম্পর্কিত খবর

সর্বশেষ খবর