জামুরিয়া, ১৭ জুলাই: পশ্চিম বর্ধমানের জামুরিয়ার ইকরা শিল্পতালুকের শেখপুর মোড় এলাকায় অবস্থিত কেলিস্টার স্পঞ্জ আয়রন কারখানার ভাটিতে শুক্রবার বিকেলে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের জেরে কারখানায় কর্মরত বহু শ্রমিক আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। তবে আহতের সঠিক সংখ্যা এখনও প্রশাসনের তরফে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
ঘটনার খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ ও পরিস্থিতি নিয়ন্ত্রণে নামে। আহতদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হচ্ছে বলে জানা গিয়েছে।
বিস্ফোরণের খবর ছড়িয়ে পড়তেই কারখানার বাইরে প্রচুর মানুষের ভিড় জমে যায়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় আইনশৃঙ্খলা বজায় রাখতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।
প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ জানা যায়নি। পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছেন। কারখানার ভাটিতে কীভাবে বিস্ফোরণ ঘটল এবং নিরাপত্তা ব্যবস্থায় কোনও ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনাকে কেন্দ্র করে শিল্পাঞ্চলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে আহতদের চিকিৎসা এবং ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের কাজ চলছে।





