ভিডিও

মাদ্রাসা শিক্ষার সংস্কারের পক্ষে মন্ত্রী অগ্নিমিত্রা পাল, ‘ছাত্রছাত্রীদের মূল স্রোতে আনাই লক্ষ্য’

নির্ভীক বাংলা, আসানসোল :রবিবার সকালে আসানসোল উত্তর থানার চাঁদমারি এলাকায় আসানসোল রাইফেল ক্লাব পরিদর্শনে এসে রাজ্যের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা নিয়ে মন্তব্য করেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
তিনি দাবি করেন, পূর্ববর্তী সরকার মাদ্রাসার উন্নয়নের জন্য প্রায় পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দ করেছিল। সেই সময় বিজেপির পক্ষ থেকে ওই অর্থ কীভাবে ব্যয় হয়েছে তার হিসাব চাওয়া হলেও তা দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।
মন্ত্রী আরও দাবি করেন, বিভিন্ন তথ্যের ভিত্তিতে কিছু খারিজি মাদ্রাসায় ভারতবিরোধী পাঠদান এবং বোমা তৈরির প্রশিক্ষণ দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। তবে তিনি এই দাবির সমর্থনে নির্দিষ্ট কোনো প্রমাণ বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করেননি।
অগ্নিমিত্রা পাল বলেন, একজন মুসলিম অভিভাবক তাঁর সন্তানদের উচ্চশিক্ষিত ও প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যেই মাদ্রাসায় পাঠান, ভারতবিরোধী শিক্ষা দেওয়ার জন্য নয়। তাঁর বক্তব্য, বিজেপির লক্ষ্য হলো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার এমন সংস্কার করা যাতে সেখানকার ছাত্রছাত্রীরাও সমাজের মূল স্রোতে যুক্ত হয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ারসহ বিভিন্ন পেশায় নিজেদের প্রতিষ্ঠিত করতে পারেন।
মন্ত্রীর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের সম্ভাবনা তৈরি হয়েছে।

TAGS

সম্পর্কিত খবর

সর্বশেষ খবর