নির্ভীক বাংলা, সালানপুর :সালানপুর থানা এলাকার ইসিএলের বনজেমারী ওপেন কাস্ট প্রজেক্ট (ওসিপি) খনি থেকে এক যুবতীর পচাগলা দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকালে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে সালানপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে বনজেমারী ওপেন কাস্ট প্রজেক্টের ভেতরে পাথরের একটি খাঁজে পচাগলা দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমে যায়। পরে উপস্থিত স্থানীয়দের মধ্যে একজন পরনের পোশাক দেখে মৃতার পরিচয় শনাক্ত করেন। মৃতার নাম পূর্ণিমা বাউরি। তিনি শিবদাসপুর এলাকার বাসিন্দা রাবন বাউরির কন্যা।
মৃতার আত্মীয় রঘুনাথ বাউরি জানান, পূর্ণিমা মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন। তিনি মাঝেমধ্যেই বাড়ি থেকে কাউকে না জানিয়ে বেরিয়ে যেতেন, তবে পরে বাড়ি ফিরে আসতেন। কিন্তু গত রবিবার বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর আর ফেরেননি। এরপর পরিবারের পক্ষ থেকে সালানপুর থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয় এবং বিভিন্ন জায়গায় তাঁর খোঁজ চালানো হচ্ছিল। অবশেষে রবিবার সকালে খনি এলাকা থেকে তাঁর দেহ উদ্ধার হয়।
ঘটনাকে ঘিরে একাধিক প্রশ্ন উঠেছে। এটি দুর্ঘটনাবশত খনিতে পড়ে যাওয়ার ঘটনা, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য বা অপরাধমূলক কারণ রয়েছে, তা এখনও স্পষ্ট নয়।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ঘটনার সবদিক খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে সালানপুর থানার পুলিশ।





