ভিডিও

অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না পেয়ে গোগলা গ্রাম পঞ্চায়েতে মহিলাদের বিক্ষোভ

নির্ভীক বাংলা,দুর্গাপুর: অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা দীর্ঘদিন ধরে ব্যাংক অ্যাকাউন্টে না পৌঁছনোর অভিযোগে বৃহস্পতিবার দুপুরে গোগলা গ্রাম পঞ্চায়েতের সামনে বিক্ষোভে সামিল হন শতাধিক মহিলা। তাঁদের দাবি, যোগ্য হওয়া সত্ত্বেও গত দু’মাস ধরে প্রকল্পের অর্থ তাঁদের অ্যাকাউন্টে জমা পড়েনি।
বিক্ষোভকারীদের অভিযোগ, একই এলাকার বহু উপভোক্তার অ্যাকাউন্টে প্রকল্পের টাকা পৌঁছে গেলেও তাঁদের ক্ষেত্রে এখনও পর্যন্ত কোনও অর্থ আসেনি। তাঁদের দাবি, অনলাইন ও অফলাইন—উভয় পদ্ধতিতেই আবেদন জমা দেওয়া হয়েছে। তারপরও প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত থাকতে হচ্ছে।
বিক্ষোভে অংশ নেওয়া মহিলাদের আরও অভিযোগ, প্রকৃত আর্থিকভাবে অসচ্ছল বহু মহিলা এখনও প্রকল্পের টাকা না পেলেও তুলনামূলকভাবে সচ্ছল পরিবারের কিছু সদস্য নিয়মিত এই সুবিধা পাচ্ছেন। দ্রুত সমস্যার সমাধান এবং বকেয়া অর্থ তাঁদের অ্যাকাউন্টে পাঠানোর দাবি জানান তাঁরা।
বিক্ষোভের খবর পেয়ে গোগলা গ্রাম পঞ্চায়েত চত্বরে প্রশাসনিক তৎপরতা বাড়ে। তবে এ বিষয়ে গোগলা গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্যামল বাগদির প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি কোনও মন্তব্য করতে চাননি।
অন্যদিকে, রাজ্য সরকারের দাবি, নির্ধারিত যোগ্যতার ভিত্তিতেই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধা দেওয়া হচ্ছে। প্রকৃত যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে পর্যায়ক্রমে অর্থ পাঠানো হবে এবং আবেদন ও তথ্য সংশোধনের সুযোগও বাড়ানো হয়েছে।

TAGS

সম্পর্কিত খবর

সর্বশেষ খবর