নির্ভীক বাংলা,জামুড়িয়া: অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে না পৌঁছানোর অভিযোগে জামুড়িয়া পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের একাধিক মহিলা মঙ্গলবার ১ নম্বর বোরো অফিসে ডেপুটেশন দেন।
মহিলাদের অভিযোগ, তাঁরা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের জন্য অফলাইন ও অনলাইন—উভয় পদ্ধতিতেই আবেদনপত্র জমা দিয়েছেন। তা সত্ত্বেও এখনও তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রকল্পের অর্থ জমা পড়েনি। কেন এই সমস্যা হচ্ছে, তার স্পষ্ট ব্যাখ্যা দাবি করেন তাঁরা।
ডেপুটেশন গ্রহণ করেন ১ নম্বর বোরো অফিসের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অপরেশ ঘোষ। তিনি আবেদনকারী মহিলাদের জানান, বিষয়টি খতিয়ে দেখতে একটি তদন্তকারী দল (ইনকোয়ারি টিম) আসবে। তাদের তদন্ত ও রিপোর্টের ভিত্তিতেই প্রকৃত কারণ জানা যাবে এবং পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
তিনি আরও জানান, বোরো অফিসে জমা পড়া অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সমস্ত আবেদনপত্র ইতিমধ্যেই জেলা শাসকের দপ্তরে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেখান থেকে প্রয়োজনীয় যাচাই-বাছাইয়ের পর যোগ্য উপভোক্তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
তবে বিক্ষোভকারী মহিলাদের দাবি, দ্রুত তদন্ত সম্পন্ন করে তাঁদের প্রাপ্য অর্থ ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর ব্যবস্থা করা হোক।





