বারাবনি:ড. শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে ভারতীয় জনতা পার্টির বারাবনি মণ্ডল-১-এর উদ্যোগে সোমবার এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।
দোমোহানি বাজারের বিবেকানন্দ গ্রামীণ গ্রন্থাগার থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে বারাবনি রেলগেট সংলগ্ন বিজেপি পার্টি অফিস পর্যন্ত পরিক্রমা করে। শোভাযাত্রায় দলীয় কর্মী-সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাবনির বিধায়ক অরিজিৎ রায়, বিজেপি নেতা স্বপন রায়, বিকাশ বাউরি, মহিলা নেত্রী দীপ্তি মুখার্জি এবং দোলন নায়ক-সহ অন্যান্য নেতৃত্ব।
অনুষ্ঠানের শেষে দোমোহানি বাজার ট্যাক্সি স্ট্যান্ড সংলগ্ন এলাকায় বিজেপির দলীয় পতাকা উত্তোলন করা হয়। পাশাপাশি এলাকার বাসিন্দাদের সুবিধার্থে নির্মিত একটি নতুন শৌচাগারের ফিতে কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিধায়ক অর্জিত রায়।
আয়োজকদের বক্তব্য, ড. শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শ ও কর্মজীবনকে স্মরণ করার পাশাপাশি জনসেবামূলক কর্মসূচির মাধ্যমেও সাধারণ মানুষের পাশে থাকার বার্তা দেওয়াই ছিল এদিনের অনুষ্ঠানের মূল উদ্দেশ্য।





