ভিডিও

অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে দুর্গাপুর মহকুমা শাসক দপ্তরে বিক্ষোভ

নির্ভীক বাংলা,শ্যাম দাস, দুর্গাপুর: অন্নপূর্ণা যোজনার আর্থিক সহায়তার টাকা এখনও ব্যাংক অ্যাকাউন্টে না পৌঁছানোর অভিযোগে শনিবার দুর্গাপুর মহকুমা শাসক (এসডিও) দপ্তরের সামনে বিক্ষোভে সামিল হন বহু মহিলা।
বিক্ষোভকারীদের অভিযোগ, সরকারি নির্দেশিকা মেনে সময়মতো সমস্ত প্রয়োজনীয় নথি জমা দেওয়া হলেও অনলাইনে তাঁদের আবেদনপত্রের স্ট্যাটাসে ‘বাতিল’ দেখানো হচ্ছে। কেন আবেদন বাতিল হয়েছে, সে বিষয়ে কোনও স্পষ্ট কারণ বা ব্যাখ্যা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়নি।
সমস্যার সমাধানের আশায় এদিন মহকুমা শাসক দপ্তরে গেলে তাঁদের জানানো হয়, আগামী ১০ তারিখের পর আবার আবেদনপত্রের স্ট্যাটাস পরীক্ষা করতে। এই জবাবে ক্ষুব্ধ হয়ে ওঠেন বিক্ষোভকারীরা এবং দপ্তরের সামনে বিক্ষোভে সামিল হন।
বিক্ষোভে অংশ নেওয়া মহিলাদের দাবি, বারবার সরকারি দপ্তরে ঘুরেও সমস্যার কোনও সমাধান মিলছে না। যোগ্য আবেদনকারীরা অযথা হয়রানির শিকার হচ্ছেন। অবিলম্বে বাতিল হওয়া আবেদনগুলি পুনর্বিবেচনা করে প্রকৃত উপভোক্তাদের প্রাপ্য আর্থিক সহায়তার টাকা তাঁদের ব্যাংক অ্যাকাউন্টে জমা দেওয়ার দাবি জানান তাঁরা।
বিক্ষোভের জেরে কিছু সময়ের জন্য মহকুমা শাসক দপ্তর চত্বরে উত্তেজনার সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

TAGS

সম্পর্কিত খবর

সর্বশেষ খবর