নির্ভীক বাংলা,আসানসোল, ১ জুলাই: বেতন বৃদ্ধি, স্থায়ীকরণ এবং পরিচয়পত্র প্রদানের দাবিতে বুধবার সকাল থেকে কাজ বন্ধ রেখে অবস্থান বিক্ষোভে সামিল হন আসানসোল জেলা হাসপাতালের ৩৭ জন অস্থায়ী কর্মী। হাসপাতালের এমার্জেন্সি বিভাগের সামনে দাবি-সংবলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করেন।
আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা “নো ওয়ার্ক, নো পে” ভিত্তিতে মাত্র ১৫০ টাকা দৈনিক মজুরিতে কাজ করছেন। হাসপাতালের হাউজকিপিং-সহ বিভিন্ন বিভাগে কর্মরত এই কর্মীরা করোনাকাল থেকেই হাসপাতালে পরিষেবা দিয়ে আসছেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, রোগী কল্যাণ সমিতি (আরকেএস)-এর মাধ্যমে তাদের দৈনিক মজুরি দেওয়া হয়।
বিক্ষোভকারী কর্মী সায়ন দাস ও ঝর্ণা বাউরি বলেন, বর্তমান বাজারদরে ১৫০ টাকা দৈনিক মজুরিতে সংসার চালানো অসম্ভব। বহুবার বেতন বৃদ্ধি, স্থায়ী নিয়োগ এবং পরিচয়পত্রের দাবি জানানো হলেও কোনও সুরাহা হয়নি। উল্টে অপমানিত হতে হয়েছে বলেও অভিযোগ করেন তারা। বাধ্য হয়েই এদিন কাজ বন্ধ রেখে আন্দোলনের পথে নামতে হয়েছে বলে জানান।
বিকেল সাড়ে পাঁচটা নাগাদ হাসপাতালের সুপার ডাঃ নিখিল চন্দ্র দাস-এর নির্দেশে সহকারী সুপার কঙ্কন রায় আন্দোলনকারী কর্মীদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তাদের কাজে ফিরে গিয়ে সমস্ত দাবি লিখিতভাবে জমা দেওয়ার পরামর্শ দেওয়া হয় এবং দাবিগুলি গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দেওয়া হয়।
এরপর আন্দোলনকারীরা আপাতত অবস্থান বিক্ষোভ প্রত্যাহার করে কাজে যোগ দেন। সায়ন দাস জানান, হাসপাতাল কর্তৃপক্ষের আশ্বাসের প্রতি সম্মান জানিয়ে তারা আপাতত কাজে ফিরেছেন। ভবিষ্যতে দাবিগুলির বাস্তবায়ন না হলে পরবর্তী কর্মসূচি সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে।
এ বিষয়ে হাসপাতালের সুপার ডাঃ নিখিল চন্দ্র দাস বলেন, “গোটা বিষয়টি মিটে গেছে। সামান্য কিছু সমস্যা হয়েছিল। আলোচনা করে তার সমাধান করা হয়েছে।”





