নির্ভীক বাংলা,জামুড়িয়া: শ্রমিকদের আগাম কোনও তথ্য না দিয়েই কারখানা বন্ধের নোটিশ টাঙিয়ে দেওয়ার অভিযোগে উত্তেজনা ছড়াল জামুড়িয়ার রামাজি ইস্পাত প্রাইভেট লিমিটেড কারখানায়। শুক্রবার সকালে কাজে এসে কারখানার গেটে বন্ধের নোটিশ দেখতে পান শ্রমিকরা। এরপরই তাঁরা কারখানার প্রধান ফটকের সামনে অবস্থান-বিক্ষোভে সামিল হন।
কারখানা কর্তৃপক্ষের জারি করা নোটিশে জানানো হয়েছে, আর্থিক ক্ষতি এবং বাজারে মন্দার কারণে আগামী ১৮ জুন ২০২৬ থেকে কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ রাখা হবে। পাশাপাশি, কারখানা বন্ধ থাকার সময় কর্মীদের কোনও বেতন প্রদান করা হবে না বলেও উল্লেখ করা হয়েছে।
শ্রমিক মঙ্গল মাঁঝির অভিযোগ, বৃহস্পতিবার পর্যন্ত কারখানায় স্বাভাবিকভাবে কাজ চললেও শ্রমিকদের কাউকেই বন্ধের বিষয়ে আগে থেকে কিছু জানানো হয়নি। হঠাৎ এই সিদ্ধান্তে কারখানার প্রায় ৪৫ থেকে ৫০ জন শ্রমিকের জীবিকা ও ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে।
আন্দোলনরত শ্রমিকদের দাবি, কারখানা বন্ধের আগে শ্রম আইন অনুযায়ী যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা উচিত ছিল এবং শ্রমিকদের সঙ্গে আলোচনা করা প্রয়োজন ছিল। তাঁদের অভিযোগ, কর্তৃপক্ষ কোনও রকম পূর্ব সতর্কতা ছাড়াই একতরফাভাবে এই সিদ্ধান্ত নিয়েছে।
শ্রমিকদের আন্দোলনে সমর্থন জানিয়ে জামুড়িয়া মণ্ডল-৩-এর সভাপতি দ্বীপ ব্যানার্জি বলেন, “নির্দিষ্ট নিয়ম ও আইনি প্রক্রিয়া ছাড়া এভাবে কোনও শিল্প প্রতিষ্ঠান বন্ধ করা যায় না। শ্রমিকদের স্বার্থ রক্ষায় প্রশাসন ও কারখানা কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ করা প্রয়োজন।”
ঘটনার খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পৌঁছায় জামুড়িয়া থানার পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রমিকদের বিক্ষোভ অব্যাহত ছিল এবং কারখানা কর্তৃপক্ষের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।





