নির্ভীক বাংলা, অন্ডাল: টানা দাবদাহের পর মঙ্গলবার দুপুর থেকে খনি অঞ্চলের বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সঙ্গে চলতে থাকে তীব্র বজ্রবিদ্যুৎ। এরই জেরে অন্ডালের সিদুলি এলাকায় মাঠে চরতে থাকা দুটি মহিষের মৃত্যু হয়েছে। অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন মহিষগুলির মালিক।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর প্রায় আড়াইটে নাগাদ সিদুলির বুড়া কুঠি ৩ নম্বর এলাকার এক খাটাল মালিক তাঁর কয়েকটি মহিষ নিয়ে নিকটবর্তী একটি ফাঁকা মাঠে চরাতে গিয়েছিলেন। সেই সময় আচমকাই আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং শুরু হয় প্রবল বৃষ্টি ও বজ্রপাত।
অভিযোগ, একটি শক্তিশালী বজ্রপাত সরাসরি মহিষগুলির উপর আঘাত হানে। ঘটনাস্থলেই দুটি মহিষের মৃত্যু হয়। তবে মহিষগুলির কাছাকাছি অবস্থান করলেও সৌভাগ্যবশত প্রাণে বেঁচে যান খাটাল মালিক।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। মৃত মহিষ দুটির মালিক জানান, এই ঘটনায় তিনি বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। বজ্রপাতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারাও।
প্রশাসনের পক্ষ থেকে বর্ষাকালে বজ্রবিদ্যুতের সময় খোলা মাঠ, জলাশয়ের ধারে বা উন্মুক্ত স্থানে অবস্থান না করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি আবহাওয়া খারাপ হলে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার আবেদন জানানো হয়েছে।
বজ্রপাতের এই ঘটনাকে কেন্দ্র করে সিদুলি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের দাবি, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পশুপালকদের জন্য সরকারি সহায়তার ব্যবস্থা করা উচিত।




