ভিডিও

নামী ব্র্যান্ডের নামে নকল কসমেটিক বিক্রির অভিযোগে বেনাচিতি বাজারে তল্লাশি, বিপুল সামগ্রী বাজেয়াপ্ত

নির্ভীক বাংলা,দুর্গাপুর, ১২ জুন: নামী কসমেটিক্স সংস্থাগুলির ব্র্যান্ডের নাম ও লোগো ব্যবহার করে নকল পণ্য বিক্রির অভিযোগে দুর্গাপুরের বেনাচিতি বাজারে ব্যাপক তল্লাশি অভিযান চালাল পুলিশ ও আইনজীবীদের একটি প্রতিনিধিদল। শুক্রবার আদালতের নির্দেশে পরিচালিত এই অভিযানে বিপুল পরিমাণ নকল কসমেটিক সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। উদ্ধার হওয়া সামগ্রী আদালতে পেশ করা হবে বলে জানা গেছে।
সূত্রের খবর, দেশের একাধিক খ্যাতনামা কসমেটিক্স সংস্থার ব্র্যান্ডের নামে বাজারে নকল পণ্য বিক্রির অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতে প্রথমে Bombay High Court-এ একটি মামলা দায়ের করা হয়। আদালতের নির্দেশে সংশ্লিষ্ট সংস্থাগুলির পক্ষ থেকে দুই প্রতিনিধিকে সাধারণ ক্রেতা সেজে বিভিন্ন বাজারে পাঠানো হয়। তাঁরা বিভিন্ন দোকান থেকে পণ্য কিনে পরীক্ষা-নিরীক্ষা করেন। তদন্তে অভিযোগের সত্যতা সামনে আসে বলে দাবি করা হয়েছে।
পরবর্তীতে বিষয়টি Calcutta High Court-এর নজরে আনা হলে আদালত তদন্ত ও তল্লাশির নির্দেশ দেয়। সেই নির্দেশ মেনেই শুক্রবার বেনাচিতি বাজারের দুটি কসমেটিক্সের দোকানে অভিযান চালানো হয়। অভিযানে বহু নামী ব্র্যান্ডের নামে বিক্রি হওয়া নকল সামগ্রী উদ্ধার হয়।
দীপ্তনীল হাজরা জানান, বোম্বে হাইকোর্টে দায়ের হওয়া মামলার প্রেক্ষিতে অভিযোগের সত্যতা যাচাই করতে সংশ্লিষ্ট কোম্পানিগুলির পক্ষ থেকে প্রতিনিধিদের পাঠানো হয়েছিল। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ার পর বিষয়টি কলকাতা হাইকোর্টে উপস্থাপন করা হয়। আদালতের নির্দেশেই এই অভিযান পরিচালিত হয়েছে।
অভিযানের ফলে বেনাচিতি বাজারে নকল পণ্যের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থানের বার্তা স্পষ্ট হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। তদন্তের স্বার্থে বাজেয়াপ্ত সামগ্রীর বিস্তারিত পরিমাণ ও বাজারমূল্য এখনও প্রকাশ করা হয়নি।

TAGS

সম্পর্কিত খবর