ভিডিও

আসানসোল পুরনিগমের ৬ নম্বর বোরোর চেয়ারম্যান পদ থেকে ইস্তফা ডা. দেবাশীষ সরকারের

নির্ভীক বাংলা,আসানসোল, নিজস্ব সংবাদদাতা: আসানসোল পুরনিগমের ৬ নম্বর বোরোর চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন ডা. দেবাশীষ সরকার। বুধবার তাঁর পদত্যাগের খবর প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।
পদত্যাগের কারণ সম্পর্কে ডা. সরকার জানান, গত প্রায় এক মাস ধরে বোরো চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে তিনি নানা অসুবিধার সম্মুখীন হচ্ছিলেন। তাঁর কথায়, “যখন আমি দায়িত্বে থেকে সঠিকভাবে কাজই করতে পারছি না, তখন পদে থাকার কোনও অর্থ নেই। সেই কারণেই আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।”
তিনি আরও জানান, গত সেপ্টেম্বর মাসে তাঁর বোরো এলাকার কিছু বিষয় নিয়ে তদন্তের দাবি তুলেছিলেন। সেই বিষয়ে মেয়র বিধান উপাধ্যায় তদন্ত প্রক্রিয়া শুরু করেছেন বলেও তিনি উল্লেখ করেন। পাশাপাশি ডা. সরকারের দাবি, সত্য উদঘাটনের স্বার্থে প্রয়োজন হলে তদন্তকারী সংস্থা ইডি বা সিবিআইকেও দায়িত্ব দেওয়া যেতে পারে।
তাঁর পদত্যাগের পিছনে কোনও রাজনৈতিক চাপ রয়েছে কি না, সাংবাদিকদের এই প্রশ্নের সরাসরি উত্তর দেননি তিনি। তবে তিনি বলেন, “সারা রাজ্যে মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে। সেই রায়কে সম্মান জানিয়েই আমার মনে হয়েছে, যখন দায়িত্ব পালন করতে পারছি না, তখন পদত্যাগ করাই উচিত।”
ডা. দেবাশীষ সরকার স্পষ্ট করে জানিয়েছেন, আপাতত তিনি কাউন্সিলর পদ থেকে ইস্তফা দিচ্ছেন না। পাশাপাশি তিনি এখনও দলের সঙ্গেই রয়েছেন বলেও জানিয়েছেন।
ডা. সরকারের এই পদত্যাগকে ঘিরে আসানসোলের রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়েছে। যদিও তাঁর পদত্যাগের প্রকৃত কারণ এবং তদন্ত প্রসঙ্গ নিয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। এখন নজর থাকবে পুরনিগম কর্তৃপক্ষের পরবর্তী পদক্ষেপ এবং ৬ নম্বর বোরোর নতুন চেয়ারম্যান নির্বাচন প্রক্রিয়ার দিকে।

TAGS

সম্পর্কিত খবর