ভিডিও

সালানপুরে পুলিশি অভিযান: অবৈধ পাথর খাদান চালানোর অভিযোগে ধৃত ৪, পলাতক ১

নির্ভীক বাংলা,সালানপুর, ৮ জুন: রাজ্যে সরকার পরিবর্তনের পর বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে প্রশাসনের কড়া অবস্থানের মধ্যেই সালানপুরে অবৈধ পাথর খাদান চালানোর অভিযোগে চারজনকে গ্রেফতার করল রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ। সোমবার ধৃতদের আসানসোল আদালতে তোলা হয়। এই ঘটনায় আরও এক অভিযুক্ত পলাতক রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশ সূত্রে খবর, একটি নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রবিবার সালানপুর ব্লকের বিভিন্ন এলাকায় অভিযান চালায় রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ। অভিযান চলাকালীন চারজনকে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম রঞ্জিত সিং, বিষম রায়, মধুসূদন মণ্ডল এবং রাকেশ কুমার সিং ওরফে যোগিন্দর সিং। তাঁরা সকলেই সালানপুর ব্লকের বাসিন্দা বলে জানা গিয়েছে।
তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, এই চক্রের সঙ্গে যুক্ত অন্যতম অভিযুক্ত মিহির ঘোষ বর্তমানে পলাতক। তাঁর খোঁজে বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।
স্থানীয় সূত্রের দাবি, অভিযুক্তদের প্রত্যেকেরই জিতপুর-উত্তরামপুর পঞ্চায়েত এলাকার বিভিন্ন স্থানে অবৈধ পাথর খাদান ছিল। অভিযোগ, সরকারি অনুমতি বা প্রয়োজনীয় ছাড়পত্র ছাড়াই দীর্ঘদিন ধরে এই খাদানগুলি পরিচালিত হচ্ছিল। এর ফলে সরকারের বিপুল রাজস্ব ক্ষতির পাশাপাশি পরিবেশেরও মারাত্মক ক্ষতি হচ্ছিল বলে অভিযোগ উঠেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অবৈধ খনন চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে এবং এর পেছনে কোনও বৃহত্তর নেটওয়ার্ক কাজ করছে কি না, তা জানতে ধৃতদের ৭ দিনের পুলিশি হেফাজতের আবেদন করা হবে। তদন্তের স্বার্থে ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।
সূত্রের খবর, এই ঘটনায় পুলিশ বিভিন্ন ধারায় তিনটি পৃথক মামলা রুজু করেছে। পলাতক অভিযুক্তকে গ্রেফতার এবং অবৈধ খাদান চক্রের সম্পূর্ণ নেটওয়ার্কের সন্ধানে তদন্ত অব্যাহত রয়েছে।

TAGS

সম্পর্কিত খবর

সর্বশেষ খবর