নির্ভীক বাংলা,অন্ডাল, ৬ জুন: দিল্লি-হাওড়া পূর্বা এক্সপ্রেসে কচ্ছপ পাচারের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল অন্ডাল জিআরপি। অভিযুক্তের কাছ থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ৯০ থেকে ৯৫টি জীবিত কচ্ছপ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রেল ও বনদফতর মহলে।
জিআরপি সূত্রে জানা গেছে, শনিবার পূর্বা এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালানোর সময় রানীগঞ্জ স্টেশনের কাছে এক ব্যক্তিকে একাধিক বস্তা নিয়ে সন্দেহজনক অবস্থায় বসে থাকতে দেখা যায়। কর্তব্যরত জিআরপি কর্মীরা তাঁকে জিজ্ঞাসাবাদ করলে তাঁর কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়ে। এরপর বস্তাগুলি পরীক্ষা করে দেখা যায়, সেগুলির ভিতরে বিপুল সংখ্যক কচ্ছপ ভর্তি রয়েছে।
অভিযুক্তকে সঙ্গে সঙ্গে রানীগঞ্জ স্টেশনে নামিয়ে অন্ডাল জিআরপি থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে বিস্তারিত তদন্তে বস্তাগুলি থেকে প্রায় ৯০ থেকে ৯৫টি কচ্ছপ উদ্ধার করা হয়।
ধৃতের নাম ববি নন্দ। তিনি উত্তরপ্রদেশের বেনারসের বাসিন্দা বলে জানা গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পুলিশকে জানান, বালিয়া থেকে ট্রেনে ওঠার সময় এক ব্যক্তি তাঁকে ওই বস্তাগুলি হাওড়ায় পৌঁছে দেওয়ার দায়িত্ব দিয়েছিল। তবে ওই ব্যক্তির পরিচয় সম্পর্কে স্পষ্ট তথ্য দিতে পারেননি তিনি।
রবিবার ধৃতকে আসানসোল আদালতে তোলা হয়েছে। পাশাপাশি ঘটনার বিষয়ে বনদফতরকে খবর দেওয়া হয়। পরে বনদফতরের আধিকারিকরা অন্ডাল জিআরপি থানায় এসে উদ্ধার হওয়া কচ্ছপগুলিকে নিজেদের হেফাজতে নিয়ে যান। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। পাচারচক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ ও বনদফতর।
বাইট: ববি নন্দ (ধৃত অভিযুক্ত)।





