নির্ভীক বাংলা, আসানসোল :
পশ্চিম বর্ধমানের বার্ণপুর এলাকায় উচ্ছেদ নোটিশের প্রতিবাদে শুক্রবার দুপুরে বিক্ষোভে সামিল হল বামফ্রন্ট। বার্ণপুর টাউন সার্ভিস দপ্তরের সামনে শিল্পী চক্রবর্তী-র নেতৃত্বে বাম কর্মী ও সমর্থকেরা জমায়েত হয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করেন।
অভিযোগ, IISCO Steel Plant কর্তৃপক্ষ বার্ণপুর বাসস্ট্যান্ড সংলগ্ন রাস্তার ধারের দোকানদারদের উচ্ছেদের নোটিশ পাঠিয়েছে। এরই প্রতিবাদে আন্দোলনে নামে বামফ্রন্ট।
বিক্ষোভ সভা থেকে শিল্পী চক্রবর্তী দাবি করেন, ইস্কোর জমিতে থাকা বিভিন্ন রাজনৈতিক দলের কার্যালয়ও ইতিমধ্যেই ভেঙে দেওয়া হয়েছে। তিনি জানান, ইস্কোর আধুনিকীকরণের বিরোধিতা তারা করছেন না, তবে স্থানীয় যুবকদের কর্মসংস্থানের বিষয়টি নিশ্চিত করতে হবে। তাঁর অভিযোগ, বহু বেকার যুবক জীবিকার তাগিদে বার্ণপুর বাজার এলাকায় ছোট ব্যবসা শুরু করেছেন। সেই দোকান উচ্ছেদ হলে বহু পরিবারের রুজি-রুটি সংকটে পড়বে।
তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে জেলা শাসক, অগ্নিমিত্রা পাল এবং শুভেন্দু অধিকারী-র কাছে ফ্যাক্স মারফত আবেদন জানানো হবে, যাতে দোকানদারদের জন্য বিকল্প ব্যবস্থা বা পর্যাপ্ত সময় দেওয়া হয়।
হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, দাবি না মানা হলে পরিবার-পরিজন নিয়ে বুলডোজারের সামনে বসে আন্দোলনে সামিল হবেন তাঁরা।




