ভিডিও

বার্নপুরে সেল আইএসপির উচ্ছেদ অভিযান, ভাঙা হল তৃণমূল কাউন্সিলরের কার্যালয়

নির্ভীক বাংলা,শ্যাম দাস, আসানসোল
বার্নপুর স্টেশন সংলগ্ন এলাকায় শনিবার উচ্ছেদ অভিযান চালাল সেল আইএসপি (ইস্কো) কর্তৃপক্ষ। এই অভিযানে ভেঙে ফেলা হয় আসানসোল পুরনিগমের ৮৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অশোক রুদ্রর কার্যালয়। পাশাপাশি সেলের জমিতে গড়ে ওঠা একাধিক তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ও ক্লাব ঘরেও বুলডোজার চালানো হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
সেল কর্তৃপক্ষের দাবি, সংশ্লিষ্ট কার্যালয় ও ক্লাবগুলি অবৈধভাবে সেলের জমি দখল করে নির্মাণ করা হয়েছিল। বহুবার নোটিশ ও সতর্কবার্তা দেওয়ার পরেও জায়গা খালি না করায় শেষ পর্যন্ত প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়।
সেলের এক আধিকারিক জানান, “এদিন হঠাৎ করে কোনো অভিযান চালানো হয়নি। প্রথমে নোটিশ দিয়ে সতর্ক করা হয় এবং নিজেদের জিনিসপত্র সরিয়ে নেওয়ার জন্য পর্যাপ্ত সময়ও দেওয়া হয়েছিল। এরপরেও যাঁরা নির্দেশ মানেননি, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।”
তিনি আরও জানান, ভবিষ্যতের উন্নয়নমূলক কাজ ও সাধারণ মানুষের স্বার্থে জায়গা খালি করা জরুরি হয়ে পড়েছিল। ওই এলাকায় উন্নয়নমূলক পরিকাঠামো তৈরির পরিকল্পনাও রয়েছে বলে ইঙ্গিত দেন তিনি।
অভিযান সফল করতে পুলিশের ভূমিকাও উল্লেখ করেন ওই আধিকারিক। তাঁর বক্তব্য, “বর্তমানে পুলিশের পূর্ণ সহযোগিতা পাচ্ছি বলেই আমরা এই পদক্ষেপ কার্যকরভাবে করতে পারছি। আগেও উচ্ছেদ অভিযান হয়েছে, তবে এবার প্রশাসন ও পুলিশের সমন্বয় আরও ভালোভাবে কাজ করছে।”
প্রশাসনের তরফে দাবি করা হয়েছে, সম্পূর্ণ আইন মেনেই এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে এবং ভবিষ্যতেও অবৈধ দখলের বিরুদ্ধে একইভাবে অভিযান চলবে।
যদিও এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের তরফে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, আগের সরকার সহযোগিতা না করায় সেল আইএসপি কর্তৃপক্ষ এ ধরনের অভিযান চালাতে পারেনি। বর্তমানে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর বেআইনি দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এলাকার উন্নয়নের স্বার্থে জমি দখলমুক্ত করা হচ্ছে।

TAGS

সম্পর্কিত খবর