ভিডিও

দুর্গাপুরে অবৈধ বালির কারবার রুখতে প্রশাসনের অভিযান, মুখ্যমন্ত্রীর বিস্ফোরক অভিযোগ

নির্ভীক বাংলা,দুর্গাপুর: অবৈধ বালিঘাট বন্ধ হওয়ার সুযোগ নিয়ে বাজারে বালির দাম অস্বাভাবিকভাবে বাড়িয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার দুর্গাপুরে প্রশাসনিক বৈঠক শেষে তিনি দাবি করেন, “৮ হাজার টাকার বালি ১৬ হাজার টাকায় বিক্রি হচ্ছে। বিজেপি সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্যই এই চক্রান্ত করা হচ্ছে।”
মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পরই পশ্চিম বর্ধমান জেলায় অবৈধ বালির কারবার রুখতে তৎপর হয় প্রশাসন। শুক্রবার থেকে কাঁকসার অজয় নদের বিভিন্ন বালিঘাটে শুরু হয় জোরদার অভিযান। কাঁকসার বিদবিহারের নয়া কাঞ্চনপুর, শ্রীরামপুর, দুবরাজপুর কলোনি-সহ একাধিক এলাকায় অভিযান চালায় ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর ও পুলিশ।
জানা গিয়েছে, কাঁকসা ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক মঞ্জু কাঞ্জিলালের নেতৃত্বে এই অভিযানে অংশ নেন দপ্তরের কর্মী ও কাঁকসার মলনদিঘী ফাঁড়ির পুলিশ আধিকারিকরা। অভিযানের সময় বিভিন্ন বালিঘাটে নজরদারি চালানো হয় এবং বেআইনি মজুত ও পাচারের অভিযোগ খতিয়ে দেখা হয়।
অভিযোগ, পূর্ববর্তী সরকারের আমলে অজয় নদ ঘিরে একাধিক অবৈধ বালিঘাট গড়ে উঠেছিল। সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে দিনের পর দিন বালিভর্তি ট্রাক ও ডাম্পার পাচার করা হতো। বিভিন্ন এলাকায় বালি মজুত করে ট্রাক্টারের মাধ্যমেও সরবরাহ চলত বলে অভিযোগ।
প্রশাসনের দাবি, সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে কোনও ধরনের বেআইনি বালি ব্যবসা বরদাস্ত করা হবে না। সেই কারণেই রাজ্যজুড়ে ধারাবাহিকভাবে অভিযান চালানো হচ্ছে। দুর্গাপুর মহকুমাতেও অবৈধ বালির কারবার রুখতে প্রশাসনের এই অভিযান আগামী দিনেও চলবে বলে জানা গিয়েছে।

TAGS

সম্পর্কিত খবর