নির্ভীক বাংলা,দুর্গাপুর, ২১ মে : মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর বৃহস্পতিবার প্রথমবার পশ্চিম বর্ধমানে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী Suvendu Adhikari। শিল্পনগরী দুর্গাপুরে তাঁর প্রথম গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক ঘিরে ইতিমধ্যেই জোরদার হয়েছে প্রশাসনিক প্রস্তুতি।
শহরের Srijani Auditorium-এ অনুষ্ঠিত হতে চলা এই বৈঠককে কেন্দ্র করে সকাল থেকেই তৎপর হয়ে ওঠে প্রশাসন। সৃজনী প্রেক্ষাগৃহ ও সিটি সেন্টার সংলগ্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাটো করা হয়েছে। পুলিশ আধিকারিকদের পাশাপাশি মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা বিশেষ টিমও এলাকা ঘুরে খতিয়ে দেখে। স্নিফার ডগ ও মেটাল ডিটেক্টরের মাধ্যমে পরীক্ষা করা হয় পুরো প্রেক্ষাগৃহ চত্বর।
প্রশাসনিক সূত্রে জানা গেছে, মুখ্যমন্ত্রীর সঙ্গে এই বৈঠকে উপস্থিত থাকার কথা মুখ্য সচিব, ডিজি-সহ রাজ্যের শীর্ষ প্রশাসনিক আধিকারিকদের। পাশাপাশি দক্ষিণবঙ্গের পাঁচ জেলার জেলাশাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনার, সাংসদ, বিধায়ক, থানার ওসি ও আইসিরাও বৈঠকে অংশ নেবেন।
এই বৈঠকে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া ও বীরভূম জেলার উন্নয়নমূলক প্রকল্প, সরকারি পরিষেবা, শিল্প প্রসার, পরিকাঠামো উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে শহর জুড়ে বাড়ানো হয়েছে পুলিশি নজরদারি। ট্রাফিক নিয়ন্ত্রণ, ভিআইপি নিরাপত্তা ও অতিথি আপ্যায়নের জন্য নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।
রাজনৈতিক মহলেও এই সফর ঘিরে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আগামী দিনের প্রশাসনিক রূপরেখা ও উন্নয়ন পরিকল্পনার ক্ষেত্রে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে পারে।
প্রসঙ্গত, বুধবার দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক Chandrashekhar Bandyopadhyay জানিয়েছিলেন, বৃহস্পতিবার দুপুর দেড়টা নাগাদ মুখ্যমন্ত্রী দুর্গাপুরে পৌঁছবেন এবং দুপুর দুটো থেকে সৃজনী প্রেক্ষাগৃহে প্রশাসনিক বৈঠক শুরু হবে।
এদিকে বৃহস্পতিবার সকালে মুখ্যমন্ত্রী প্রথমে যান Belur Math-এ। পরে হাওড়ায় প্রশাসনিক বৈঠক সেরে দুর্গাপুরে আসার কথা রয়েছে তাঁর।





