ভিডিও

ইসিএলের হাইড্রা গাড়ির ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু, দেহ রেখে বিক্ষোভ স্থানীয়দের

নির্ভীক বাংলা নিজস্ব সংবাদদাতা, সালানপুর : ইসিএলের হাইড্রা গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর। বুধবার সকাল সাড়ে আটটা নাগাদ সালানপুর থানার অন্তর্গত ফুলবেড়িয়া হনুমান মন্দির ট্রান্সপোর্ট রোড এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ক্ষুব্ধ স্থানীয়রা মৃতদেহ ও ঘাতক গাড়ি আটকে রেখে বিক্ষোভে সামিল হন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম মঙ্গল বাউরি (৩৫)। তিনি জেমারি গ্রামের বাসিন্দা হলেও ঘরজামাই হিসেবে ফুলবেড়িয়া এলাকাতেই বসবাস করতেন। পরিবারে রয়েছেন স্ত্রী ও দুই সন্তান।
পরিবার ও স্থানীয়দের দাবি, প্রতিদিনের মতো বুধবার সকালেও একটি বেসরকারি কারখানায় সাইকেলে করে কাজে যাচ্ছিলেন মঙ্গল বাউরি। সেই সময় মাঝরাস্তায় সাইকেল বিকল হয়ে গেলে তিনি ফুলবেড়িয়ার বাড়ির দিকে ফিরছিলেন। অভিযোগ, ফুলবেড়িয়া হনুমান মন্দির সংলগ্ন ট্রান্সপোর্টিং রোডে একটি ইসিএলের হাইড্রা গাড়ি (WB 38AS 5568) তাকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
দুর্ঘটনার পরই চালক গাড়ি ফেলে পালিয়ে যায় বলে অভিযোগ। এরপর স্থানীয়রা ছুটে এসে ঘাতক গাড়িটিকে আটক করে এবং মৃতদেহ রাস্তায় রেখে বিক্ষোভ শুরু করেন। তাঁদের দাবি, মৃতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
ঘটনার খবর পেয়ে সালানপুর থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই ট্রান্সপোর্টিং রোডে এর আগেও একাধিক দুর্ঘটনা ঘটেছে। ইসিএলের নিরাপত্তাহীন পরিবহন ব্যবস্থা এবং অদক্ষ চালকদের কারণেই বারবার দুর্ঘটনা ঘটছে বলে দাবি তাঁদের। অভিযোগ, বহু ক্ষেত্রেই ড্যাম্পার ও ভারী যান খালাসিরা চালান, যার ফলেই প্রাণহানির ঘটনা ঘটছে।
যদিও গোটা ঘটনা নিয়ে এখনও পর্যন্ত ইসিএলের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

TAGS

সম্পর্কিত খবর