নিজস্ব সংবাদদাতা, নির্ভীক বাংলা :
পশ্চিম বর্ধমান, আসানসোল | ১৯ মে ২০২৬
গত ১৫ মে আসানসোলের নর্থ থানার অন্তর্গত জাহাঙ্গিরি মহল্লা পুলিশ ফাঁড়ি-তে ভাঙচুরের ঘটনায় কড়া অবস্থান নিয়েছে পুলিশ প্রশাসন। এই ঘটনায় এখনও পর্যন্ত ৩১ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি আরও কয়েকজনের পরিচয় চিহ্নিত করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
সোমবার আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট-এর পক্ষ থেকে এলাকায় মাইকিং করে জানানো হয়, রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী পুলিশ ফাঁড়িতে ভাঙচুরে জড়িতদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করা হবে। এদিন এলাকায় পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও উপস্থিত ছিলেন।
এই প্রসঙ্গে ডঃ প্রণব কুমার জানান, ১৫ মে জাহাঙ্গিরি মহল্লা পুলিশ ফাঁড়িতে হওয়া ভাঙচুর ও অশান্তির ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। এখনও পর্যন্ত ৩১ জনকে গ্রেফতার করা হয়েছে এবং আরও কয়েকজন সন্দেহভাজনের পরিচয় শনাক্ত করে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, রাজ্য সরকারের স্বরাষ্ট্র দফতরের নির্দেশ অনুযায়ী সরকারি সম্পত্তির ক্ষতি যারা করেছে, তাদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের প্রক্রিয়া শুরু হয়েছে। আইন নিজের হাতে তুলে নেওয়ার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে।





