ভিডিও

ডুবুর্ডিহি চেকপোস্টে পথ দুর্ঘটনায় মৃত্যু কুলটি ট্রাফিক গার্ডের সিভিক ভলান্টিয়ারের

নির্ভীক বাংলা,শ্যাম দাস, আসানসোল : পশ্চিমবঙ্গ-ঝাড়খণ্ড সীমান্তের কুলটি থানার অন্তর্গত ১৯ নম্বর জাতীয় সড়কের ডুবুর্ডিহি চেকপোস্টে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল কুলটি ট্রাফিক গার্ডের সিভিক ভলান্টিয়ার রমেন সাহা (৪০)-র। ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে ডুবুর্ডিহি চেকপোস্টে ট্রাফিক সিগন্যালের দায়িত্ব পালন করছিলেন রমেন সাহা। সেই সময় ঝাড়খণ্ডের দিক থেকে দ্রুতগতিতে আসা একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে সজোরে ধাক্কা মারে। ধাক্কার জেরে ঘটনাস্থলেই রাস্তায় লুটিয়ে পড়েন তিনি।
ঘটনার পর সেখানে উপস্থিত পুলিশ ও সিভিক কর্মীরা গুরুতর আহত অবস্থায় রমেন সাহাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
দুর্ঘটনার পর ঘাতক গাড়িটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ ঘাতক গাড়ির খোঁজে তল্লাশি শুরু করেছে।
স্থানীয়দের দাবি, রমেন সাহা অত্যন্ত ভদ্র ও কর্তব্যনিষ্ঠ ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। তাঁর অকাল মৃত্যুর ঘটনায় সহকর্মী ও এলাকাবাসীদের মধ্যে শোকের পরিবেশ তৈরি হয়েছে।

TAGS

সম্পর্কিত খবর