নির্ভীক বাংলা,অন্ডাল : খনি অঞ্চলে ফের প্রকাশ্যে এল তোলাবাজি ও সিন্ডিকেটের অভিযোগ। অন্ডাল ও সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে কয়লা সিন্ডিকেট চালানো এবং স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছ থেকে জোর করে টাকা তোলার অভিযোগে তৃণমূলের বুথ সভাপতি রামজীবন লোহার ও মুন্না সাউকে গ্রেফতার করল অন্ডাল থানার পুলিশ। বৃহস্পতিবার ধৃতদের আদালতে পেশ করা হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তরা এলাকার বিভিন্ন কোলিয়ারিতে কয়লা সিন্ডিকেট নিয়ন্ত্রণ করত বলে অভিযোগ। পাশাপাশি ডিও কয়লা ব্যবসায়ীদের কাছ থেকেও নিয়মিত মোটা অঙ্কের টাকা তোলা হত। অভিযোগ, টাকা না দিলে ব্যবসা বা কাজ করতে বাধার মুখে পড়তে হত।
সূত্রের দাবি, রামজীবন লোহার বহুলা পঞ্চায়েত এলাকার এক প্রভাবশালী তৃণমূল নেতার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিল। এই চক্রের পিছনে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, একাধিক সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে অভিযান চালানো হয়। এরপর রামজীবন লোহার ও মুন্না সাউকে গ্রেফতার করা হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে গোটা সিন্ডিকেট চক্র সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। তদন্তের স্বার্থে আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলেও জানা গিয়েছে।





